spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

জেড নিউজ, ঢাকা:

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় চার বিভাগে অধিকাংশ স্থানে এবং বাকি চার বিভাগে অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপটির কেন্দ্র উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।

২৬ জুলাই সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির কারণে দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী ২৭ ও ২৮ জুলাই বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে। এ সময় দিন ও রাত—উভয় সময়ের তাপমাত্রাই সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দুপুর ১টা পর্যন্ত দেওয়া পৃথক সতর্ক বার্তায় ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়