জেড নিউজ , ঢাকা :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাভেল ট্রলিতে ৪ কেজি ১৮০ গ্রাম ‘কুশ’ মাদক ও পাসপোর্টের ফটোকপি ফেলে পালিয়েছেন দুই ভারতীয় নাগরিক। গত মঙ্গলবার বিকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে পৃথক অভিযানে কাপড়ের নিচে লুকিয়ে রাখা ৩ কেজি ‘কুশ’, ভারতীয় পাসপোর্ট ও বিভিন্ন দেশের মুদ্রাসহ হুসাইন আবদুল কাদার শেখ (৪৮) নামে আরেক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার রাতে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৬টার দিকে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভারতের নাগরিক আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪) ঢাকায় নামেন। ডিএনসির উপস্থিতি টের পেয়ে তারা দুটি ট্রাভেল ট্রলি ও নিজেদের ভারতীয় পাসপোর্টের ফটোকপি ফেলে দ্রুত সরে যান।
পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রলি দুটি তল্লাশি করা হলে সেখান থেকে মোট ৪ কেজি ১৮০ গ্রাম ‘কুশ’ উদ্ধার করা হয়। ডিএনসি জানিয়েছে, পলাতক দুই ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গোন্দলপাড়ার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অন্যদিকে, শনিবার বিকালে বিমানবন্দরের নিচতলার গ্রিন চ্যানেল এলাকা থেকে ৩ কেজি ‘কুশ’সহ হুসাইন আবদুল কাদার শেখকে গ্রেফতার করা হয়। তিনি ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা।
ডিএনসি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রী হুসাইনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে লুকানো অবস্থায় ৩ কেজি ‘কুশ’ উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড, সিমসহ একটি স্মার্টফোন, ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ ও ৪০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুসাইন জানিয়েছেন, বাংলাদেশের কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগসাজশে মাদক চোরাচালানের পরিকল্পনা করেছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধেও বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।





