জেড নিউজ, ঢাকা:
সংরক্ষিত আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। সেদিন নির্ধারিত সময়ের কিছু পরে নুসরাত মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। তবে সে সময় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
পরে নুসরাত আদালতের দ্বারস্থ হলে আদালত নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সে অনুযায়ী তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই করা হয়।
এরআগে, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।



