জেড নিউজ ডেস্ক:
ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব। এক টেলিভিশন বিতর্কে দেয়া এই হুমকি নিয়ে এখন তোলপাড় চলছে ভারতের রাজনৈতিক মহলে। এ ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোববার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জরুরি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়ে চিঠি দিয়েছে দলটি।
কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল জানিয়েছেন, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন, ‘রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে।’ ভেনুগোপাল আরও বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরেই মেটানো উচিত। কিন্তু বিজেপি নেতারা সরাসরি টেলিভিশনে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন।
চিঠিতে কংগ্রেস এই হুমকিকে “ঠান্ডা মাথায় পরিকল্পিত ও ভীতিকর” হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানায়। দলটি উল্লেখ করেছে, এটি কোনো অসাবধানতাবশত বা আবেগপ্রবণ মন্তব্য নয়, বরং সুসংগঠিত হত্যার হুমকি।
অতীতেও রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হত্যার হুমকি এসেছে, যেগুলোর অনেকগুলোর সঙ্গে বিজেপির রাজনীতিতে জড়িত ব্যক্তিদের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। এছাড়া এতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করে সতর্ক করা হয়, ইতিহাস যেন পুনরাবৃত্তি না হয়।
কংগ্রেস বলেছে, ‘একজন স্থানীয় নেতার এই বেপরোয়া মন্তব্য আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক বিষাক্ত ঘৃণার পরিবেশের প্রতিফলন, যা বিরোধীদলীয় নেতাকে সহিংসতার ঝুঁকির মুখে ফেলছে। চিঠিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে বলা হয়, আপনি যদি দ্রুত ও দৃঢ় ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে তা হবে আপনার সরাসরি জড়িত থাকা এবং বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করার সমান। এটি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার শপথ ভঙ্গের গুরুতর উদাহরণ হিসেবে দেখা হবে।



