জেড নিউজ ডেস্ক :
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়ার পর পঞ্চম ওভারে আবারও আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। তার জোড়া আঘাতে ১৭ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়ে।
ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাসকিন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান।
এরপর ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে বেন কারেনকে একইভাবে ফিরিয়ে দেন তাসকিন। এবারও রিভিউ নিয়েছিল জিম্বাবুয়ে, তবে সিদ্ধান্ত বদলায়নি। ১১ বলে ৬ রান করে ফেরেন কারেন।
এদিকে ম্যাচ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশও। চোটের কারণে শুধু এই ম্যাচ নয়, পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন দাস। ডান হিপ জয়েন্টে অস্বস্তির কারণে এমআরআই করানোর পর তাঁর চোট ধরা পড়ে। ফিটনেস পরীক্ষায় নির্ধারিত মান পূরণ করতে না পারায় সিরিজে আর খেলা হচ্ছে না তাঁর।
জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজও এই ম্যাচে খেলছেন না। ফলে লিটনের পরিবর্তে টস করতে আসেন তাওহিদ হৃদয়। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।




