জেড নিউজ, ঢাকা:
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৬টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৫ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৫৪ জন, মতিঝিলে ৬৩ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১৪৬ জন, গুলশানে ৫২ জন, উত্তরা বিভাগে ৭৪ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ এবং পাঁচটি মোবাইল ফোন। এছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।





