জেড নিউজ ডেস্ক :
ব্রিটিশদের কাছে ‘সরি’ শব্দটি এক ধরনের ‘পোলাইটনেস কোড’ বা সৌজন্যের সংকেত। এটি কখনো অনুরোধকে কোমল করার হাতিয়ার, কখনো অস্বস্তি দূর করার মাধ্যম। একজন ব্রিটিশ নাগরিক দিনে গড়ে অন্তত নয়বার ‘সরি’ বলেন—বছরে যার পরিমাণ দাঁড়ায় ৩ হাজার বারেরও বেশি।
তবে পর্যটকরা ব্রিটিশদের ‘সরি’-এর ব্যবহার ও অন্তর্নিহিত অর্থ উদ্ধার করা নিয়ে ধাঁধায় পড়ে যান। এ সংকেত বোঝা মানেই বৃটিশদের জটিল অথচ মার্জিত সামাজিক রীতিনীতিকে আয়ত্ত করা। ব্রিটিশদের বহুবিধ ‘সরি’ ব্যবহারের কয়েকটি বিশেষ প্রেক্ষাপট । যেমন – রাস্তায় কারো সঙ্গে সামান্য ধাক্কা লাগলে বা খুব কাছাকাছি চলে এলে ব্রিটিশরা অবলীলায় ‘সরি’ বলে বসেন। এটি মূলত কোনো দোষ স্বীকার নয়, বরং আকস্মিক শারীরিক নৈকট্য বা অস্বস্তিটুকু দ্রুত কাটিয়ে ওঠার একটি উপায়। এর অর্থ হতে পারে— ‘মাফ করবেন’, ‘আগে আপনি যান’ কিংবা ‘চলুন আমরা এমনভাবে হাঁটি’।
যদি কেউ একটু টেনে দীর্ঘ স্বরে ‘সরি?’ বলেন, তবে বুঝতে হবে তিনি আপনার কথা শুনতে পাননি অথবা আপনার কথাটি বোঝার জন্য তার কিছুটা সময় প্রয়োজন। ব্রিটেনে ‘হোয়াট’ বলাটা বেশ রূঢ় শোনায়, তাই বিকল্প হিসেবে তারা কোমল এ সুরটি বেছে নেন। তবে সাবধান! কণ্ঠস্বরে যদি গাম্ভীর্য থাকে, তবে এর অর্থ দাঁড়াতে পারে— ‘আমি আপনার কথা শুনেছি, কিন্তু আপনাকে পুনরায় ভেবে দেখার সুযোগ দিচ্ছি।’
ট্রেন, ক্যাফে বা জনাকীর্ণ স্থানে নিজের অস্তিত্বের কারণে অন্যের সামান্যতম অসুবিধা হতে পারে ভেবেই ব্রিটিশরা আগেভাগে ক্ষমা চেয়ে নেন। যেমন ‘সরি, আমি কি একটু ওপাশে যেতে পারি?’ এটি মূলত নিজের উপস্থিতিকে অন্যের কাছে সহনীয় করে তোলার একটি বিশেষ কায়দা। সরাসরি কোনো প্রশ্ন করার চেয়ে আগে একটি ‘সরি’ জুড়ে দেয়াকেই তারা শ্রেয় মনে করেন।
এটি শুনতে আন্তরিক মনে হলেও যখন একজন ব্রিটিশ তার প্রাপ্য স্থানটি ফিরে পেতে চান বা কারো কোনো কাজে আপত্তি জানান, তখন তারা শব্দটি ব্যবহার করেন। যেমন ‘ওহ সরি, মনে হয় সিরিয়ালে আমি আপনার আগে ছিলাম।’ এখানে ‘সরি’ শব্দটি ঢাল হিসেবে কাজ করলেও ‘ওহ’ এবং পরবর্তী বিরতিটুকু দিয়েই বক্তা তার প্রকৃত দাবি বা বিরক্তি প্রকাশ করে দেন।
ব্রিটেনে লাইন বা ‘কিউ’ভাঙা চরম অসভ্যতা হিসেবে দেখা হয়। কেউ যদি লাইনের নিয়ম ভঙ্গ করেন, তবে অন্যজন আলতো করে ‘সরি…’ বলে তাকে শিষ্টাচারের কথা মনে করিয়ে দেন। এক্ষেত্রে ‘সরি’র অর্থ দাঁড়ায়— ‘পেছনে গিয়ে দাঁড়ান’ অথবা ‘লাইনের নিয়ম মানুন’।



