১২/০৫/২০২৬, ২১:৪৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নারায়ণগঞ্জে লেকে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

    জেড নিউজ ডেস্ক:

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে মনিরুল ইসলাম (১৫) এবং শুভ শিকদার (১৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    তাদের মধ্যে মনিরুল ইসলাম মাগুরা জেলার মহম্মদপুর থানার পাল্লা গ্রামের জাকিরের ছেলে এবং শুভ শিকদার পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে। মঙ্গলবার (১২ মে) ভোরে স্থানীয়দের সহায়তায় লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক।

    এর আগে গতকাল সোমবার (১১ মে) ওই দুজন নিখোঁজ হয়। মূলত মাদ্রাসার পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ডিএনডি লেকে গোসল করতে নেমে তারা আর বাসায় ফেরেনি। তাদের মধ্যে মনিরুল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় এবং শুভ ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

    স্থানীয়রা জানান, আজ ভোরে দুটি লাশ ভাসতে দেখে লোকজন তা উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ দুটো নিয়ে যায়।

    সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ জানান, গতকাল দুপুরে নাভানা মাঠে ফুটবল খেলার পর তারা লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজের সঙ্গে গোসল করতে নেমে আর উঠতে পারেনি । এর পর থেকেই দুই কিশোর নিখোঁজ ছিল। তবে এ বিষয়ে থানায় কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি। আজ সকালে স্থানীয়রা লাশ দুটি লেকে থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

    সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক বলেন, ছেলে দুটি সাঁতার না জানার কারণে লেকের পানিতে ডুবে মারা গেছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়