জেড নিউজ, ঢাকা:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে এক নারী দুই হাতে দুই ছুরি নিয়ে আক্রমণ চালিয়েছে। এ ঘটনায় হামলাকারী নারীসহ দু’জন নিহত হন এবং অপর একজন আহত হন। মাত্র ২০ সেকেন্ডে সে দু’জনের উপর হামলা চালায়। আক্রমণকারী নারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তা। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
হামলায় পেটে গুরুতর আঘাত পাওয়া ৩২ বছর বয়সী এক নারী হাসপাতালে মারা যান। ৬৮ বছর বয়সী অপর এক বৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, সেভেন্থ অ্যাভিনিউতে হাজার হাজার পথচারী ও পর্যটকদের ভিড়ের মধ্যে কোনো ধরনের উসকানি ছাড়াই এলোপাতাড়ি এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী নারীর নাম পামেলা সিসনেরোস। ৪৯ বছর বয়সী ওই নারীর মানসিক চিকিৎসার পূর্ব ইতিহাস রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ তাকে নিয়ন্ত্রণে আনতে টেসার বা বৈদ্যুতিক শক প্রয়োগ করলেও তা ব্যর্থ হলে তাকে গুলি করা হয়। কমিশনার জেসিকা টিশ বলেন, পুলিশ সদস্যরা প্রশিক্ষণের নিয়ম অনুসারেই আত্মরক্ষা ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র ব্যবহার করেছেন।




