জেড নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।
স্থানীয় সময় গত শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
মো. রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা।
যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত বাংলা সংবাদমাধ্যম ঠিকানার খবরে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শী ও রাজুর স্বজনেরা জানান, ঘটনার সময় এক বন্দুকধারী ওই দোকানে ঢুকে হঠাৎ গুলি চালায়। এতে দোকানে কর্মরত রাজু এবং সেখানে থাকা আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে গুলি লাগে।
গুরুতর অবস্থায় দুজনকেই উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। চিকিৎসা নেওয়ার পর পায়ে গুলিবিদ্ধ বাংলাদেশি বর্তমানে সুস্থ আছেন।
এদিকে নোয়াখালীর আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তাঁর মৃত্যুতে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।’ রাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।
এদিকে, নিউইয়র্ক থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি নিউজ জানিয়েছে, গতকাল রোববার গভীর রাতে ব্রুকলিনে কাজ করার সময় একটি ফাস্টফুড দোকানের কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই গুলির ঘটনায় দ্বিতীয় এক ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মধ্যরাতের ঠিক পরপরই ব্রাউনসভিলে রকাওয়ে অ্যাভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছে আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা নামে রেস্তোরাঁর ভেতরে ৪৪ বছর বয়সী ওই কর্মীর মাথায় গুলি করা হয় এবং ৩৯ বছর বয়সী এক ব্যক্তির ডান পায়ে গুলি লাগে। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থল থেকে মাত্র কয়েক ব্লক দূরের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে দুই ভুক্তভোগীকে নিয়ে যান। সেখানে ওই ৪৪ বছর বয়সী ব্যক্তিটি মারা যান।





