২৫/০৬/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নতুন সিনেমায় নওশাবা, আছেন নির্মাণেও

    জেড নিউজ ডেস্ক :

    অভিনেত্রী হিসেবে সুনাম কুড়িয়েছেন কাজী নওশাবা আহমেদ। এর বাইরে বিশেষ শিশুদের নিয়ে তার নাটকের দল ‘টুগেদার উই ক্যান’-এর নির্দেশনাও দেন তিনি। তবে এই প্রথম চলচ্চিত্রের নির্দেশনায় যুক্ত হলেন নওশাবা। ছবির নাম ‘সোমেশ্বরী’। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি।

    জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর ও এর আশেপাশের এলাকার প্রকৃতি-জীববৈচিত্র্য নিয়ে তৈরি হয়েছে ‘সোমেশ্বরী’। এতে নওশাবার সঙ্গে স্থানীয় মানুষজন অভিনয় করেছেন। আর পরিচালনায় নওশাবার সঙ্গে রয়েছেন আপন, লতা, জাহিদসহ কয়েকজন। প্রযোজক বিবেশ রায় জানান, মূলত দলীয় কাজ হিসেবেই ছবিটি বানাচ্ছেন তারা। সবাই মিলে চিত্রনাট্য সাজিয়েছেন, আবার নির্দেশনাও দিয়েছেন।

    ছবিটি নিয়ে নওশাবা জানান, এই ছবির স্ক্রিপ্ট কী হবে, কারা অভিনয় করবেন—এসবের কিছুই সেভাবে প্ল্যান করেননি তারা। কেবল দল বেঁধে চলে গিয়েছিলেন মধ্যনগরে। সেখানে গিয়েই সাজিয়েছেন স্ক্রিপ্ট, খুঁজেছেন অভিনয়ের মানুষ, করেছেন শুটিং। মূল চরিত্রে অবশ্য নওশাবার অভিনয়ের কথা ছিল না। কিন্তু উপযুক্ত কাউকে না পেয়ে তাকেই দায়িত্বটা সামলাতে হয়েছে।

    অভিনেত্রী বলেন, ‘চরিত্রটির জন্য প্রস্তুতি নিতে যে সময়ের প্রয়োজন ছিল, তার পুরোটা আমি পাইনি। তবুও সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রটিতে নিজেকে মানিয়ে নিতে।’

    এ ছবির প্রেক্ষাপট নিয়ে তেমন কিছু বললেন না নওশাবা। শুধু একটি বাক্য ব্যয় করলেন, ‘প্রকৃতির সংস্পর্শে গিয়ে প্রকৃতির কথা বলা।’ অর্থাৎ এ ছবিতে প্রকৃতির বন্দনাই করবেন তারা।

    শুটিং শেষে বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে ‘সোমেশ্বরী’। পুরো কাজ শেষ হলে মুক্তির বিষয়ে ভাববেন। নওশাবা বলেন, ‘অবশ্যই আমরা ছবিটা দেশের প্রেক্ষাগৃহের জন্য বানাচ্ছি, দেশের মানুষ যেন দেখতে পারে। তবে পাশাপাশি যদি কোনো উৎসবেও পাঠানো যায়, সেটাও মন্দ নয়।’

    এদিকে নওশাবার হাতে বর্তমানে ‘সোমেশ্বরী’ ছাড়াও রয়েছে তিনটি ছবি; এর মধ্যে একটি পূর্ণদৈর্ঘ্য, আর দুটি স্বল্পদৈর্ঘ্য ছবি। সবগুলো ছবিই রয়েছে পোস্ট প্রডাকশনে। পাশাপাশি নিজের ‘টুগেদার উই ক্যান’ প্ল্যাটফর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়