spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দাম্পত্য কলহ প্রকাশ্যে, স্ত্রীকে সতর্ক করলেন গোবিন্দ

জেড নিউজ , ডেস্ক :

বলিউড অভিনেতা গোবিন্দর সঙ্গে স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক দিনদিন অবনতির দিকে যাচ্ছে। গেল এক বছর হল ঘরের ঝামেলা নিয়ে প্রতিনিয়ত প্রকাশ্যে কথা বলছেন তারা। কিছুদিন আগে নবাগতা অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে অভিনেতার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হওয়ার পর স্বামীর সমালোচনা করেছিলেন সুনীতা। সেই মন্তব্যের জবাব দিয়ে স্ত্রীকে সীমা লঙ্ঘন না করার পরামর্শ দিয়েছেন গোবিন্দ।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে কোমলের সঙ্গে গোবিন্দকে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। এ প্রসঙ্গে কথা বলার সময় সুনীতা বলেন, গোবিন্দের লজ্জা হওয়া উচিত।

তার দাবি, কোমলের বয়স তাদের মেয়ে টিনার বয়সের কাছাকাছি। এছাড়া স্বামীর রুচি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি গোবিন্দের ‘মাথা খারাপ হয়ে গেছে’ বলেও মন্তব্য করেন সুনীতা।

সুনীতার এসব বক্তব্যের জবাব দিতে গিয়ে গোবিন্দ বলেন, ‘সুনীতাজি, আপনি তো মা-বোন তুলে গালাগালি দিতে শুরু করেছেন। ঈশ্বর আপনাকে এমনভাবে তৈরি করেছেন যে মানুষ আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেয়। এখন মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে। তরুণ প্রজন্ম আপনার কাছ থেকে অনেক প্রত্যাশা করে। আপনি যেভাবে আচরণ করবেন, তারাও সেটাই অনুসরণ করবে।’

তিনি আরও বলেন, ‘তার পরে আপনার সঙ্গেই তারাও মা-বোন তুলে গালাগালি দিয়ে কথা বলা শুরু করবে। এটা করবেন না। মা-বোনের নামটাকে এভাবে সস্তা করে দিচ্ছেন। আপনার কাছ থেকে এটা প্রত্যাশিত নয়।’

তরুণ অভিনেত্রীদের সঙ্গে কাজ করা নিয়েও সুনীতার মন্তব্যের জবাব দিয়েছেন গোবিন্দ। বয়সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনি যে বয়স নিয়ে আলোচনা শুরু করেছেন, আপনার জ্ঞাতার্থে আবার মনে করিয়ে দিই—দেশের সমস্ত বড় অভিনেতাই এমন মেয়েদের সঙ্গে কাজ করেছেন, যারা সেই সময়ে তরুণ ছিলেন।’

গোবিন্দর ভাষ্য, দীর্ঘ অভিনয়জীবনে তিনি যে খ্যাতি, সম্মান ও সম্পদ অর্জন করেছেন, সেগুলো ঈশ্বরের আশীর্বাদ। তাই এসব নিয়ে এভাবে মন্তব্য করা উচিত নয়।

স্ত্রীর উদ্দেশে অভিনেতার আরও কড়া বার্তা, ‘আপনি একটু নিজের সীমার মধ্যে থাকুন।’

এর আগে এক সাক্ষাৎকারে গোবিন্দ ও কোমলের ছড়িয়ে পড়া ছবি নিয়ে প্রশ্ন করা হয় সুনীতাকে। তারা একসঙ্গে কোনো সিনেমার প্রচার করছেন কি না, জানতে চাইলে সুনীতা বলেন, ‘আগে তো ছবিটা তৈরি হতে হবে! ছবি তৈরি হওয়ার পরেই তো প্রচার হয়। কিন্তু প্রচার ছাড়াই যদি সব হয়ে যায়, তাহলে আর কী বলব?’

এতেই থামেননি সুনীতা। গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেন তিনি। কোমলকে উদ্দেশ করে তাঁর মন্তব্য ছিল, ‘তোমার সুগার ড্যাডি এত ধনী, অন্তত ভালো পোশাক পরো। আমাদের দেখো, আমরা কীভাবে সাজগোজ করে চলি।’

উল্লেখ্য, ১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা। তাঁদের দুই সন্তান রয়েছে। এর আগেও স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়