জেড নিউজ, ঢাকা:
ইতালির উদ্দেশে যাত্রার সময় তিউনিসিয়ার উপকূলে একটি অভিবাসীবাহী বোট ডুবে গেছে। এতে কমপক্ষে ১৩ জন তিউনিসীয় নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের প্রধান। তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মোস্তফা আবদেল কবির জানান, বোটটি বৃহস্পতিবার ভোরে তিউনিসিয়া থেকে যাত্রা করে।
উদ্ধারকারী একটি স্থানীয় বোটের সদস্যদের কাছে জীবিত উদ্ধার হওয়া দু’জনের একজন জানান, বোটটি উল্টে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা সাগরে আটকা পড়ে ছিলেন। দ্বিতীয় উদ্ধার হওয়া ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানান অভিবাসন পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠনটির প্রধান আবদেল কবির। একসময় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়া ছিল অভিবাসীদের অন্যতম প্রধান কেন্দ্র। তবে গত দুই বছরে দেশটি থেকে অভিবাসীদের সমুদ্রযাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর পেছনে রয়েছে কঠোর দমন অভিযান এবং সমুদ্রপথে নজরদারি জোরদার করা। এসব কার্যক্রমে ইউরোপীয় অর্থায়ন ও আধুনিক সীমান্ত নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে ইতালির সহায়তায়।
হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আরও কয়েক ডজন মানবাধিকার ও মানবিক সহায়তা সংস্থা গত মাসে এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তিউনিসিয়া অভিবাসন চুক্তি তিউনিসিয়ায় অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে দিয়েছে এবং স্বাভাবিক ঘটনায় পরিণত করেছে।





