জেড নিউজ ডেস্ক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে সাঈদ খোকনকে এখনো পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান সকাল পৌনে ১০টার দিকে বলেন, ‘আমাদের কাছে সোপর্দ করা হয়নি।’
অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি।
এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সাঈদ খোকন।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।





