জেড নিউজ, ডেস্ক:
সামাজিক উদ্ভাবন ও ন্যায়বিচারের প্রতি অধ্যাপক ইউনূসের আজীবন নিষ্ঠা বিশ্বজুড়ে কোটি মানুষকে অনুপ্রাণিত করছে। তার নেতৃত্ব অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারণাকে নতুন মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাতে একথা বলেন তিনি। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে অধ্যাপক ইউনূসের নিউইয়র্ক সফরকে ‘অত্যন্ত সফল মিশন’- ছিল বলে প্রশংসা করেন গুইন লুইস। তিনি বলেন, ওই সফরে প্রধান উপদেষ্টা বেশকিছু সংখ্যক বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের ঐতিহাসিক সম্মেলনে বক্তব্য রেখেছেন।এ সফরে বাংলাদেশের প্রতিনিধিদলে প্রথমবারের মতো প্রধান রাজনৈতিক দলের ছয় নেতার অন্তর্ভুক্তি জাতীয় ঐক্যের এক শক্তিশালী উদাহরণ স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠাতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের টেকসই সহযোগিতা, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশে নিজের দায়িত্বকাল নিয়ে গুইন লুইস বলেন, গত সাড়ে তিন বছর ধরে বাংলাদেশের মানুষের সেবা করা তার কর্মজীবনের অন্যতম বড় সম্মান ও সৌভাগ্য।
গুইন লুইসের দায়িত্বকালে একটি গুরুত্বপূর্ণ অর্জন ছিল ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় উদ্বোধন। এর মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার কার্যক্রম আরও শক্তিশালী এবং অধিকারভিত্তিক উন্নয়ন সহযোগিতা গভীরতর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।



