spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দুর্গাপূজার ছুটিতে যাত্রীর চাপ সামলাতে বিশেষ ট্রেন ও বাস চালু আজ

জেড নিউজ, ঢাকা : 

দুর্গাপূজার ছুটিতে যাত্রীর চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হওয়ার কথা।

এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিটের কালোবাজারি বন্ধে ব্যবস্থা নেওয়া, অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সেতুর টোল প্লাজাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, উৎসবের আনন্দ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির কারণে ব্যাহত না হয়, সে জন্য সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এদিকে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিশেষ বাসসেবা চালু করেছে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি। আজ থেকে শনিবার পর্যন্ত এই বিশেষ বাসসেবা পরিচালিত হবে।

বিআরটিসি জানিয়েছে, পূজায় সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় বিশেষ বাস চালু করা হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’। এ সেবার জন্য সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।

জানা গেছে, এ সেবার জন্য ২০০ বাস নির্ধারিত করেছে বিআরটিসি। এসব বাসের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি), নন-এসি, দ্বিতল ও একতলা- সব ধরনের বাসই থাকবে। যাত্রীর চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে বলে বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে।

বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ সেবার বাসের বেশির ভাগই রাজধানী ঢাকার বিভিন্ন বাস ডিপো ও গাজীপুর থেকে ছেড়ে যাবে। যেসব গন্তব্যে পূজার বিশেষ বাস যাবে সেগুলোর মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম। এর বাইরে এক জেলা থেকে অন্য জেলায়ও কিছু বিশেষ সেবার বাস চলবে।

দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিসের সেবা গ্রহণ এবং এই সার্ভিসসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিআরটিসি প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (টেলিফোন : ০২৪১০৫৩০৪২, মোবাইল : ০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়