জেড নিউজ, ঢাকা:
টোকিওর কাছে ৫.৯ মাত্রার ভূমিকম্পে ৩৭ জন আহত ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, তবে এতে কোনো সুনামির ঝুঁকি নেই। জাপানের রাজধানী টোকিওর কাছে আজ ভোরে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩৭ জন আহত হয়েছেন এবং ব্যস্ত এই মহানগরীর পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে।
ভূমিকম্পে টোকিও ও আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। পরিস্থিতি মোকাবিলায় জাপানের সতর্কতাব্যবস্থা সক্রিয় রয়েছে। বিভিন্ন এলাকায় সতর্কবার্তা ও সাইরেন বাজানো হয় এবং মানুষের স্মার্টফোনেও জরুরি সতর্কবার্তা পাঠানো হয়।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে টোকিওর কাছের ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে। সংস্থাটি জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫.৮ বলে জানিয়েছে। জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন।
স্থানীয় সরকার ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, টোকিওর দক্ষিণে ইয়োকোহামার এলাকার ৮০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। ভূমিকম্পের পর বিছানা থেকে উঠতে গিয়ে তিনি পড়ে গিয়ে কোমরে আঘাত পান। রাতের এই ভূমিকম্পের প্রভাবে রোববার সকালে টোকিও ও আশপাশের এলাকায় আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয় বলে জানিয়েছে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি। ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, টোকিওর উত্তরে সাইতামা এলাকায় একটি ভবনও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়োদো নিউজ জানিয়েছে, রাজধানীর একটি এলাকায় পানির প্রধান পাইপলাইন ফেটে যাওয়ার ঘটনাটি ভূমিকম্পের সাথে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শনিবার ওই অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল। ভূমিকম্পের কারণে মাটি আলগা হয়ে যাওয়ায় এখন সেখানে ভূমিধসের ঝুঁকি বেড়েছে।
এ ছাড়া আগামী কয়েক দিন শক্তিশালী আফটারশক সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।





