জেড নিউজ , ঢাকা :
দেশে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। বৃহস্পতিবার সকালে জাতীয় গ্রিডে সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ২৩৩৩.৪ মিলিয়ন ঘনফুটে।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে একটি জাহাজ কক্সবাজারের মহেশখালীর ভাসমান টার্মিনালে ভিড়েছে বুধবার। আগামীকাল শুক্রবার আরও একটি জাহাজ ভেড়ার সময়সূচি (শিডিউল) রয়েছে। সেটি আসার পর ওই দুটি টার্মিনাল থেকে সর্বোচ্চ গ্যাস সরবরাহ পাওয়া যাবে বলে জানিয়েছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির কর্মকর্তারা।
একজন কর্মকর্তা জানান, সৌদি আরামকোর কার্গোটি সামিটের টার্মিনালে ভিড়েছে। এরপর থেকে ওই টার্মিনাল ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দিচ্ছে। তবে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালে এলএনজির মজুদ ফুরিয়ে আসায় সরবরাহ ১৮০ মিলিয়ন ঘনফুটে স্থির রয়েছে। নতুন কার্গো আসলে পুরোদমে গ্যাস সরবরাহ পাওয়া যাবে। তখন দুটো টার্মিনাল থেকে ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়ার আশা করা হচ্ছে।
চলতি মাস থেকে যাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে এলএনজি আমদানির ওপর জোর দিয়েছে সরকার। গতকাল আরও চারটি এলএনজিবাহী কার্গো আমদানির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। আগেই চলতি মাসে ১০টি কার্গো আমদানির সিদ্ধান্ত হয়, যার মধ্যে আটটির সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে একটি কার্গো এসেছে। কাল আরও একটি জাহাজ আসছে। এরপর ১০ সেপ্টেম্বর সৌদি আরামকোর আরও একটি কার্গো, ১৩ সেপ্টেম্বর পসকো, ১৬ সেপ্টেম্বর গানভোর, ১৮ সেপ্টেম্বর আরামকো, ২৩ সেপ্টেম্বর টোটাল এবং ২৮ সেপ্টেম্বর গানভোর কোম্পানির আরও একটি কার্গো আসার সূচি ঠিক করা হয়েছে। চলতি মাসে আরও দুই জাহাজ এলএনজি আনার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় আরও ৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মন্ত্রিসভার ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন চার কার্গোর মধ্যে বিপি সিঙ্গাপুর পিটিই থেকে এক কার্গো আনা হবে। সেই কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২৮ দশমিক ০৩ ডলার। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২৭ দশমিক ৫৪ ডলার। আর ভাইটল এশিয়ার কার্গোর প্রতি এমএমবিটিইউ ধরা হয়েছে ২৬ দশমিক ৬৭ ডলার।
এছাড়া আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে অপর কার্গো অবশ্য কম মূল্যে আনার সিদ্ধান্ত হয়েছে; ওই কার্গোর প্রতি এমএমবিটিইউ দাম ধরা হয়েছে ২৩ দশমিক ৯৮ ডলার।



