জেড নিউজ ডেস্ক:
গত ১৯ আগস্ট কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিকেলের দিকে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের তিন সদস্য এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়।
এসব মরদেহ সংরক্ষণ, পরিবহন এবং দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
অপরদিকে আরেক ব্যক্তি সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছানুযায়ী গতকাল রাতে কলকাতায় সৎকার করা হয়। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপহাইকমিশন আর্থিক ও অন্য সব সহযোগিতা দিয়েছে।





