জেড নিউজ, ঢাকা:
কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার উল্টে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেলেরা হলেন- মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাঁদের সবার বাড়ি মহেশখালীতে। স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ ও সাইফুলের লাশ উদ্ধার করেন।
স্থানীয় সূত্র জানায়, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন ট্রলারটি নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে মাছ ধরতে সাগরে যান। মাছ ধরা শেষে বৃহস্পতিবার ভোররাতের দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এতে জেলেরা সাগরে পড়ে যান।
ট্রলারডুবির খবর পেয়ে আশপাশের জেলেরা দ্রুত সাগরে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দুজনকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি অব্যাহত রেখেছেন।
এদিকে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফলে নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।
কক্সবাজার উপকূলে সাম্প্রতিক সময়ে উত্তাল সাগরে ট্রলার দুর্ঘটনার ঘটনা ঘটছে। গত ২৫ আগস্টও নাজিরারটেক চ্যানেলে ঢেউয়ের আঘাতে একটি পর্যটকবাহী নৌযান দুর্ঘটনার শিকার হয়েছিল। ওই ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন নিখোঁজ ছিলেন।




