জেড নিউজ স্পোর্টস:
এশিয়া কাপের ট্রফি বিতরণ ঘিরে আবারও তৈরি হতে পারে বিতর্ক। এবারের আলোচনায় ভারতীয় নারী ক্রিকেট দল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি।
মেয়েদের চলমান এশিয়া কাপে ভারতই ফেভারিট। বড় ধরনের অঘটন না ঘটলে তাদেরই চ্যাম্পিয়ন হওয়ার কথা। কিন্তু ভারত চ্যাম্পিয়ন হলে অধিনায়ক হারমানপ্রীত কৌর মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
গালফ নিউজ জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে মেয়েদের এশিয়া কাপের ফাইনালে উপস্থিত থাকবেন এসিসি সভাপতি নাকভি।
তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
গত বছর ছেলেদের এশিয়া কাপের ফাইনালেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হননি ভারতীয় ক্রিকেটাররা।
পরে ট্রফি ছাড়াই উদযাপন করেন সূর্যকুমার-অভিষেক-বুমরা-তিলকরা।
গত বছর কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুধু হয়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক দূরত্ব ঘোচেনি।
মহসিন নাকভি যেহেতু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তাই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের কোনো শীর্ষ রাজনৈতিক নেতার হাত থেকে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়।
এবারো ভারত নারী দল চ্যাম্পিয়ন হলে নাকভিই ট্রফি তুলে দিতে পারেন।
তার কাছ থেকে হারমানপ্রীত ট্রফি নেবেন কি না, সে ব্যাপারে ভারত সরকার বা বিসিসিআই এখনো তাদের অবস্থান জানায়নি।
গত বছরের ঘটনার পর এশিয়া কাপের ট্রফিটি এখনো ভারতের হাতে পৌঁছায়নি। সেটি দুবাইয়ে এসিসির কার্যালয়েই রয়েছে।




