জেড নিউজ ডেস্ক :
ইরানকে নিষেধাজ্ঞা থেকে ছাড় এবং দেশটির জব্দ করা অর্থে প্রবেশাধিকারের প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে বলে প্রকাশিত খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানকে এমন কোনো প্রস্তাব তিনি দেননি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনকে ‘অসত্য’ বলে দাবি করেন। অ্যাক্সিওস মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার বিনিময়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ করা অর্থ ছাড়ার বিষয়ে ট্রাম্প প্রশাসন প্রস্তুত ছিল।
ট্রাম্প তাঁর পোস্টে বলেন, তিনি ইরানকে কোনো কিছুই প্রস্তাব করেননি। একই সঙ্গে অ্যাক্সিওসকে প্রতিবেদনটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন করে আলোচনা করেছেন। আলোচনায় ইরানের প্রস্তাব ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বার্তা আদান-প্রদান হয়েছে।
আরাঘচি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং মঙ্গলবারের মধ্যে মার্কিন পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার আশা করছে তেহরান।
ইরানের প্রস্তাবের মধ্যে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল পুনরায় চালু এবং এর বিনিময়ে ইরানের জব্দ করা সম্পদ ছাড় ও তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয় রয়েছে বলে রয়টার্স জানিয়েছে। তবে ট্রাম্প এর আগে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন।
অন্যদিকে, অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য ছাড়ের বিষয়টি ইরানের পারমাণবিক কর্মসূচিতে নির্দিষ্ট পদক্ষেপের সঙ্গে যুক্ত ছিল। ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা জব্দ করা অর্থ ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে দুই পক্ষের প্রকাশ্য বক্তব্যে পার্থক্য রয়েছে।





