spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

জেড নিউজ ডেস্ক  :

২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী তানজিন তিশা। আইনের প্রতি শ্রদ্ধা ও বিচারব্যবস্থার ওপর আস্থার কথা জানিয়ে তিনি বলেছেন, প্রয়োজনে আরও একাধিকবার আদালতে হাজির হতে প্রস্তুত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মামলাটির জামিনের মেয়াদ বৃদ্ধি ও অভিযোগ গঠনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা।

এ সময় তিনি বলেন, ‘আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে যদি আদালতে আরও পাঁচবার আসতে হয়, আমি আসব। এই মামলায় ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব।’

বারবার আদালতে হাজির হওয়া নিয়ে প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘হয়তো অনেকে মনে করেন, কেন আদালতে আসলাম, বারবার আদালতে আসি। আমি আদালতে বারবার আসব।’

তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিনের মেয়াদ বৃদ্ধি ও অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ আদালত থেকে বিকেলে জানা যাবে।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশা। তারও আগে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

জামিন পাওয়ার পরও মামলাটি নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। ২৮ হাজার টাকার একটি শাড়ি আত্মসাতের অভিযোগে তাকে আদালতে আসতে হয়েছে জানিয়ে তিনি বলেছিলেন, আইনের প্রতি শ্রদ্ধা থেকেই আদালতে হাজির হয়েছেন। মামলায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি শাড়ি আত্মসাৎ কিংবা প্রতারণার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছিলেন তানজিন তিশা।

মামলার অভিযোগে যা বলা হয়েছে

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী।

এ ঘটনায় ২০২৫ সালে ফ্যাশন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। মামলাটি দায়েরের পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। একই সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই অভিনেত্রীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। সেই মামলার ধারাবাহিকতায় মঙ্গলবার আদালতে হাজির হন তানজিন তিশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়