spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে সুমনের ‘রইদ’

জেড নিউজ ডেস্ক  :

একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমাটি নির্বাচিত হয়েছে। আজ রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।

এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়ে: নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনায় আসে। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’।

বাংলাদেশের হয়ে অস্কারের আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার খবরে আনন্দিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। আজ দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, ‘অনুভূতিটা ভালো, আনন্দের। কারণ, এটা আমাদের গল্প, আমাদের এই অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে। সিনেমা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখার বিষয় নয়, এর একাডেমিক ও নান্দনিক দিকও আছে। “রইদ”-এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি।’

কথা প্রসঙ্গে সুমন আরও বললেন, ‘একটা সময় অস্কারে বাংলাদেশ থেকে যাওয়ার মতো ছবি সেভাবে ছিল না। বেশ কয়েক বছর ধরে ভালো মানের ছবি অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা আশার দিক বলে মনে করছি। একটা সময় হয়তো বাংলাদেশ এর সুফলও হয়তো পাবে।’

‘রইদ’ মূলত সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্কের সরল অথচ গভীর আখ্যান। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক আদিম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

অস্কারে ‘রইদ’ নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় অভিনেত্রী নাজিফা তুষিও মনে করেন, এই যাত্রা বাংলাদেশের সিনেমার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। এখন অপেক্ষা অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার।

অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে সিনেমাটি নির্বাচন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়