জেড নিউজ ডেস্ক:
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক। তিনি প্রধান বিচারপতি স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। প্রেসিডেন্টের আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ড এবং আগামী ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়া অবস্থান করবেন। এই সময়ে অথবা তিনি দায়িত্বে ফিরে না আসা পর্যন্ত সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে প্রধান বিচারপতির কার্যভার পালনের সম্মতি জ্ঞাপন করেছেন।





