spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত, ঢাকায় বৃষ্টি কম

জেড নিউজ, ঢাকা:

মিয়ানমার উপকূলের কাছে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসঙ্কেত দেখাতে বলা হয়েছে। তবে রাজধানী ঢাকায় আজ দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরো এগিয়ে আগামী দু-তিন ঘণ্টার মধ্যে মিয়ানমারের কিয়াইকতো এলাকার ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে।

গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে।

এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। তবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে কোনো সতর্ক সঙ্কেত নেই। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তর বঙ্গোপসাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, হাতিয়া ও কক্সবাজার অঞ্চলে আজ থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকালও এর প্রভাব থাকতে পারে।

রাজধানীর আবহাওয়া

ঢাকায় আজ দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে রাতে সামান্য বৃষ্টি হতে পারে। আগামীকালও রাজধানীতে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়