১৮/০৪/২০২৬, ২২:২২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আবারও রপ্তানি শুরু করেছে আনন্দ শিপইয়ার্ড, তুরস্কে গেল অত্যাধুনিক জাহাজ

    আবারও জাহাজ রপ্তানি শুরু করেছে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড। তুরস্কের জন্য নির্মিত ৫,৫০০ ডেডওয়েট টন ক্ষমতাসম্পন্ন আধুনিক মাল্টিপারপাস ভেসেল ‘ওয়েস ওয়্যার’ হস্তান্তরের মধ্য দিয়ে বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে নতুন মাইলফলক যোগ হলো।

    সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট কারখানায় এ জাহাজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় তুরস্কের প্রতিষ্ঠান নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্ক দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইউর্ত।

    যদিও আনন্দ শিপইয়ার্ড আনুষ্ঠানিকভাবে রপ্তানিমূল্য প্রকাশ করেনি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ জাহাজ রপ্তানিতে প্রায় ৭০ কোটি টাকা আয় হয়েছে।

    কোম্পানির কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক মান অনুসারে নির্মিত এই ভেসেল ‘ওয়েস ওয়্যার’-এ যুক্ত করা হয়েছে আধুনিক নকশা ও প্রযুক্তি। এছাড়া, ইস্পাতের কয়েল, কয়লা, সার, খাদ্যশস্যসহ বিপজ্জনক সামগ্রী বহনের উপযোগী করেই জাহাজটি তৈরি করা হয়েছে।

    এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যভিত্তিক ইঞ্জিয়ান শিপিং কোম্পানি লিমিটেডের কাছে ৬,১০০ ডেডওয়েট টন ক্ষমতাসম্পন্ন একটি জাহাজ রপ্তানি করেছিল—যা ছিল সেসময় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত অন্যতম বৃহৎ জাহাজ।

    বিশ্লেষকদের মতে, বাংলাদেশের জাহাজ নির্মাণ আইন আধুনিকায়ন করতে হবে সমসাময়িক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে। বাংলাদেশে পোশাক খাতের পর জাহাজ নির্মাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। এ শিল্প আরও এগিয়ে যাবে এবং আরো বৈচিত্র আনা হবে এমনটাই আশা সকলের ।

    জনপ্রিয়