spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মাত্র ১৫ মিনিটে তৈরি করুন ঝালঝাল চিংড়ি পিঠা

জেড নিউজ, ঢাকা:

যেকোনো সময় চিংড়ির পদ থাকলে খাওয়াদাওয়াটা যেন আরও জমে ওঠে। চিংড়ি দিয়ে মালাইকারি থেকে ভুনা, কত রকম পদই তো তৈরি হয়! তবে চটজলদি নতুন কিছু খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন ঝালঝাল চিংড়ির পিঠা। নাম শুনে মনে হতে পারে, পিঠা বানানো বেশ ঝামেলার কাজ। কিন্তু এই পিঠা তৈরি করতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট, উপকরণও লাগবে হাতের কাছেই। মিষ্টি নয়, মুচমুচে ও ঝাল স্বাদের এই পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে!

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে চিংড়ির ঝাল পিঠা তৈরি করবেন-

উপকরণ
চিংড়ি মাছ ১ কাপ (কুচানো বা ছোট চিংড়ি, ভালো করে পরিষ্কার করা)
চালের গুঁড়া ১ কাপ
ময়দা ১ কাপ
পেঁয়াজ কুচি আধা কাপ
কাঁচা মরিচ কুচি ৪-৫টি
আদা-রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
ধনে পাতা কুচি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
তেল পরিমাণমতো
পানি পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে কড়াইয়ে সামান্য তেল গরম করে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিন। এবার কুচানো চিংড়ি মাছ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। চিংড়ি সিদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ কুচি ও ধনেপাতা দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন।

অন্য একটি পাত্রে পানি ও সামান্য লবণ গরম করে তাতে চালের গুঁড়া, ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে সিদ্ধ করে খামির তৈরি করুন। খামির কিছুটা ঠান্ডা হলে ভালো করে মথে মসৃণ করে নিন।

এবার খামির থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি হাতের সাহায্যে চ্যাপ্টা করে বা ছোট রুটির মতো বেলে মাঝখানে চিংড়ির পুর ভরে দিন। চারপাশের মুখ ভালো করে বন্ধ করে পিঠার আকার দিন। চাইলে নকশি পিঠার মতো ভাঁজ করে সুন্দর নকশাও তৈরি করতে পারেন।

এবার কড়াইয়ে ডুবো তেল গরম করে মাঝারি আঁচে পিঠাগুলো ছেড়ে দিন। দুই পিঠ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। এবার গরম গরম চিংড়ির পিঠা সঙ্গে টমেটো সস কিংবা পছন্দের চাটনি দিয়ে পরিবেশন করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়