জেড নিউজ ডেস্ক :
বিশিষ্ট তাবেয়ি সাইদ ইবনে জুবাইর (রহ.) ছিলেন বনু আসাদ গোত্রের মাওলা বা আজাদকৃত দাস। তিনি ৩৮ হিজরিতে কুফায় জন্মগ্রহণ করেন।
তাঁর বংশপরিচয় ছিল হাবশি এবং গায়ের রং ছিল কৃষ্ণবর্ণ। তৎকালীন সমাজব্যবস্থায় বংশমর্যাদা ও সামাজিক অবস্থান অনেক ক্ষেত্রে মানুষের পরিচিতি নির্ধারণ করত। কিন্তু সাইদ ইবনে জুবাইর (রহ.) নিজের জ্ঞান, প্রজ্ঞা ও তাকওয়া দিয়ে প্রমাণ করেছিলেন, ইসলামে মানুষের প্রকৃত মর্যাদা বংশ কিংবা গায়ের রঙে নয়; বরং ইমান ও আমলে।
শৈশব থেকেই তিনি কোরআন, হাদিস ও ইসলামী জ্ঞানচর্চার প্রতি গভীর অনুরাগী ছিলেন।
কুফার সমৃদ্ধ জ্ঞানচর্চার পরিবেশে বেড়ে ওঠার পাশাপাশি তিনি সুযোগ পেয়েছিলেন তৎকালীন শ্রেষ্ঠ সাহাবিদের কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জনের।
জ্ঞান অর্জন
সাইদ ইবনে জুবাইর (রহ.)-এর জ্ঞানচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর সাহচর্য। তিনি দীর্ঘ সময় এই মহান সাহাবির কাছে অবস্থান করে কোরআন, তাফসির, হাদিস ও ফিকহের জ্ঞান অর্জন করেন। ইবনে আব্বাস (রা.)-এর কাছ থেকে অর্জিত জ্ঞান তাঁকে তৎকালীন যুগের অন্যতম শ্রেষ্ঠ আলেম হিসেবে প্রতিষ্ঠিত করে।
তাঁর মেধা ও পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে ইবনে আব্বাস (রা.) তাঁকে নিজের উপস্থিতিতেই ফতোয়া দেওয়া ও হাদিস বর্ণনার অনুমতি দিতেন। তিনি বলতেন, ‘সাইদের জন্য এটি আল্লাহর অনেক বড় নেয়ামত যে, সে আমার সামনে কথা বলছে। সে ভুল করলে আমি তা সংশোধন করে দেব।’ (আবু নুয়াইম আল-আসফাহানি, হিলয়াতুল আওলিয়া, ৪/২৭২)
এ ছাড়া তিনি আয়েশা (রা.), আবদুল্লাহ ইবনে উমর (রা.)-সহ বহু সাহাবির কাছ থেকে জ্ঞান অর্জন করেন। আহলে বাইতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইমাম জয়নুল আবেদিনের সান্নিধ্যও লাভ করেছিলেন তিনি।
তাঁর জ্ঞানের ব্যাপকতা সম্পর্কে সমকালীন আলেমদের মূল্যায়ন ছিল অত্যন্ত উঁচু। খাসিফ ইবনে আবদুর রহমান বলতেন, ‘সে যুগে মুজাহিদ ছিলেন তাফসিরের সেরা আলেম, আতা ইবনে আবি রাবাহ ছিলেন হজের মাসআলায় সেরা এবং সাইদ ইবনে মুসাইয়িব ছিলেন তালাকের মাসআলায় সেরা। কিন্তু সাইদ ইবনে জুবাইর ছিলেন এসব বিষয়ে সম্মিলিতভাবে শ্রেষ্ঠ।’ (জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ৪/৩২৪)
অত্যাচারী শাসক হাজ্জাজের বিরুদ্ধে অবস্থান
তৎকালীন ইরাকের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফের শাসনামলে সাধারণ মানুষ, আলেম ও বিরোধীদের ওপর নেমে এসেছিল ভয়াবহ নির্যাতন। কঠোরতা, নিষ্ঠুরতা ও রক্তপাতের জন্য ইতিহাসে হাজ্জাজ কুখ্যাত হয়ে আছে। এমন পরিস্থিতিতে সাইদ ইবনে জুবাইর (রহ.) অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন। তারপর আবদুর রহমান ইবনুল আশআসের নেতৃত্বে হাজ্জাজের বিরুদ্ধে যখন বিদ্রোহ সংঘটিত হয়, তখন সাইদ ইবনে জুবাইর (রহ.) সেই আন্দোলনে অংশগ্রহণ করেন। হাজ্জাজের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাঁর এই অবস্থান তাঁকে শাসকের চক্ষুশূলে পরিণত করে। নিজের অবস্থানের পক্ষে তিনি বলেছিলেন, ‘আল্লাহর শপথ! সে কুফরি কাজে লিপ্ত হওয়ার আগে আমি তার বিরুদ্ধে বিদ্রোহ করিনি।’ (ইবনে আসাকির, তারিখে দিমাশক, ২০/৪৭৬)
দীর্ঘ আত্মগোপন ও অবশেষে বন্দিত্ব
দাইরুল জামাজিমের যুদ্ধে ইবনুল আশআসের বাহিনী পরাজিত হলে সাইদ ইবনে জুবাইর (রহ.) আত্মগোপনে চলে যান। হাজ্জাজের সৈন্যরা তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাতে থাকে। এ সময় তিনি দীর্ঘদিন মক্কা ও এর আশপাশের অঞ্চলে আত্মগোপনে ছিলেন। ঐতিহাসিক বর্ণনায় তাঁর ইস্পাহানে আশ্রয় নেওয়ার কথাও পাওয়া যায়। তাঁকে যখন প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি আরো দূরবর্তী কোনো অঞ্চলে পালিয়ে যাচ্ছেন না, তখন তিনি বলেছিলেন, ‘আমি পালাতে পালাতে এখন আল্লাহর কাছে লজ্জা পাচ্ছি। আল্লাহ আমার ভাগ্যে যা লিখে রেখেছেন, তা-ই হবে।’ (ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া, ৯/৯৭)
অবশেষে হাজ্জাজের লোকেরা মক্কার কাছাকাছি একটি স্থানে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হাত-পা শিকলবদ্ধ করে তাঁকে ইরাকের ওয়াসিতে হাজ্জাজের দরবারে নিয়ে যাওয়া হয়। শুরু হয় ইতিহাসের অন্যতম আলোচিত এক জালিম শাসক ও সত্যের ওপর অবিচল এক আলেমের মুখোমুখি অবস্থান।
হাজ্জাজের দরবারে নির্ভীক জবাব
হাজ্জাজের দরবারে সাইদ ইবনে জুবাইর (রহ.)-এর সঙ্গে যে কথোপকথন হয়েছিল, তা ইতিহাসে তাঁর সাহস ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। হাজ্জাজ তাঁকে জিজ্ঞেস করল, ‘তোমার নাম কী?’ তিনি বললেন, ‘সাইদ ইবনে জুবাইর।’ নামের অর্থকে ব্যঙ্গ করে হাজ্জাজ বলল, ‘না, তোমার নাম শাকি ইবনে কুসাইর (দুর্ভাগা ও হতভাগ্য ব্যক্তি)।’ সাইদ (রহ.) শান্তভাবে উত্তর দিলেন, ‘আমার মা আমার নাম তোমার চেয়ে ভালো জানেন।’ এরপর হাজ্জাজ তাঁকে হত্যার ভয় দেখালে জবাবে তিনি বলেন, ‘যদি মৃত্যু তোমার হাতে হতো, তবে আমি তোমাকেই উপাস্য বানিয়ে নিতাম।’ (আবু নুয়াইম আল-আসফাহানি, হিলয়াতুল আওলিয়া, ৪/২৯৩)
অর্থাৎ একমাত্র আল্লাহর হাতেই মানুষের জীবন-মৃত্যুর নিয়ন্ত্রণ। হাজ্জাজ যতই ক্ষমতাবান হোক, সে তাঁর মৃত্যুর সময় কিংবা পরিণতি নির্ধারণ করতে পারে না। হাজ্জাজ তাঁকে ভয় দেখিয়ে ও নানাভাবে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করল। একপর্যায়ে বলল, ‘আমি তোমাকে এমনভাবে হত্যা করব, যেভাবে এর আগে কাউকে হত্যা করিনি।’ সাইদ (রহ.) জবাব দিলেন, ‘তুমি যেভাবে আমাকে হত্যা করবে, কেয়ামতের দিন আল্লাহ তোমাকেও সেভাবেই শাস্তি দেবেন। নিজের জন্য তুমি কোন পদ্ধতি পছন্দ করো, তা ভেবে নাও।’ শাসকের সামনে দাঁড়িয়েও তাঁর কণ্ঠে ছিল না কোনো ভীতি, কথায় ছিল না কোনো আপস। বরং মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি সত্যের ওপর অবিচল ছিলেন।
শাহাদাতের আগে শেষ দোয়া
অবশেষে হাজ্জাজ সাইদ ইবনে জুবাইর (রহ.)-কে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাঁর মুখে হাসি দেখে হাজ্জাজ বিস্মিত হয়। সে হাসির কারণ জানতে চাইলে সাইদ (রহ.) আল্লাহর অসীম ক্ষমতা ও মানুষের প্রতি তাঁর অবকাশ দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন বলে ঐতিহাসিক বর্ণনায় এসেছে। মৃত্যুর আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, ‘হে আল্লাহ! আমার পরে আর কাউকে হত্যা করার ক্ষমতা তাকে দিও না।’ (ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া, ৯/৯৮)
৯৫ হিজরির শাবান মাসে হাজ্জাজের নির্দেশে এই মহান তাবেয়িকে নির্মমভাবে হত্যা করা হয়।
শাহাদাতের পর হাজ্জাজের করুণ পরিণতি
সাইদ ইবনে জুবাইর (রহ.)-এর শাহাদাতের পর হাজ্জাজ ইবনে ইউসুফের জীবনে এক অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। রাতে ঘুমের মধ্যে সাইদ (রহ.)-কে দেখতেন এবং আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠতেন। কখনো বলতেন, ‘সাইদ ইবনে জুবাইরের সঙ্গে আমার কী শত্রুতা ছিল!’ সাইদ (রহ.)-এর শাহাদাতের অল্প কিছুদিন পর হাজ্জাজ এক যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত হন। শেষ পর্যন্ত ৯৫ হিজরিতেই তাঁর মৃত্যু হয়। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় সাইদ (রহ.)-এর শাহাদাতের ১৫ থেকে ৪০ দিনের মধ্যে হাজ্জাজের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।





