spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ফান্ডের দায়িত্ব পেতে এলআর গ্লোবালের আবেদন নাকচ

জেড নিউজ, ঢাকা:

ছয় মেয়াদি মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা নিজের কাছে রাখতে এলআর গ্লোবালের রিভিউ আবেদন নাকচ করে দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যা জানিয়েছে সংস্থাটি।

‘ওয়াল স্ট্রিট খেয়ে রিয়াজ এখন মতিঝিলপাড়ায়’ শিরোনামে ২০২৪ সালের ১৩ জুন সমকালে প্রকাশিত প্রধান প্রতিবেদনে এলআর গ্লোবালের সিইও রিয়াজ ইসলাম কীভাবে এলআর গ্লোবালের ব্যবস্থাপনাধীন ছয় মিউচুয়াল ফান্ড থেকে বন্ধ কোম্পানিটির মালিকানা কিনে বিনিয়োগকারীদের অর্থের বিপুল ক্ষতি করেছিল, তা তুলে ধরা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর এ ইস্যুতে বিশেষ তদন্ত করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তাতেও আইন লঙ্ঘন করে বিনিয়োগের অভিযোগ প্রমাণ পায় তদন্ত কমিটি।

গতকালের বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে কোয়েস্ট বিডিসি (সাবেক পদ্মা প্রিন্টার্স) নামক বন্ধ ও রুগ্‌ণ কোম্পানির শেয়ার অস্বাভাবিক মূল্যে ছয় মিউচুয়াল ফান্ড থেকে কেনার কারণে ইউনিটহোল্ডারদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। এমন অভিযোগের প্রমাণ পাওয়ায় গত ১ জুলাই অনুষ্ঠিত কমিশন সভায় বিএসইসি এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টকে ছয় ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল।

নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এলআর গ্লোবাল বিএসইসির কাছে পুনর্বিবেচনার আবেদন করে। গতকালের সভায় সেই পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর না করার সিদ্ধান্ত হয়েছে।

যে ছয় ফান্ড থেকে এলআর গ্লোবাল কোয়েস্ট বিডিসির শেয়ার কিনে কোম্পানিটির নিয়ন্ত্রণ নিয়েছিল, সেগুলো হলো–এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল প্রথম ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।

কমিশন সভায় অন্যান্য সিদ্ধান্ত

কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে কেবল ‘এ’ ক্যাটেগরির সকল তালিকাভুক্ত কোম্পানি অথবা যেসব কোম্পানি কমপক্ষে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করবে, শুধু তারাই ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সুযোগ পাবে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে মর্মে বিএসইসি জানিয়েছে। এছাড়া এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচায় যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীর ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। সংশোধিত নতুন আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাজার সংক্ষেপ

শেয়ারবাজার সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে। সোমবারের সূচকের সামান্য কমার পর গতকাল ফের বেড়েছে। যদিও যত কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে তার থেকে বেশি। এ নিয়ে সর্বশেষ ১১ কর্মদিবসের মধ্যে ৯ দিন সূচক বাড়ল।

দিনের লেনদেন শেষে পাওয়া তথ্য অনুযায়ী, প্রধান শেয়ারবাজার ডিএসইতে কেনাবেচা হওয়া ৩৪৫ কোম্পানির মধ্যে ১৩৬টির দর বেড়েছে, কমেছে ১৬৬টির। এ সত্ত্বেও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৩১ পয়েন্ট বেড়ে ৫৫৮৮ পয়েন্ট ছাড়িয়েছে।

সূচক বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে ব্যাংক খাতের শেয়ারদর বৃদ্ধি। গতকাল এ খাতের লেনদেন হওয়া ৩১ ব্যাংকের মধ্যে দর বেড়েছে ২০টির। বিপরীতে মাত্র দুটির দর কমেছে, অপরিবর্তিত ছিল বাকি ৯ ব্যাংকের শেয়ারদর। গড়ে এ খাতের শেয়ারদর ২ শতাংশ বৃদ্ধিতে সূচকে যোগ হয়েছে ৩৪ পয়েন্ট।

ব্যাংক খাতের বাইরে আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, সিরামিক এবং চামড়া ও চামড়াজাত পণ্য খাতের বেশির ভাগ শেয়ারদর বেড়েছে। তবে এসব খাতের কোম্পানিগুলোর বাজার মূলধন ছোট হওয়ায় সূচকের উত্থানে উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। এসব খাতের বাইরে বীমাসহ অন্য সব খাতের অধিকাংশ শেয়ার দর হারায়।

পর্যালোচনায় দেখা গেছে, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ২৩ কোম্পানির মধ্যে ১৮টির দর কমেছে। একইভাবে বস্ত্র খাতের ৫৮ কোম্পানির মধ্যে ৩৩টির, তথ্য-প্রযুক্তি খাতের ১১ কোম্পানির মধ্যে দর কমেছে সাতটির। দর হারালেও খাতওয়ারি লেনদেনে ২৩৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা নিয়ে শীর্ষে ছিল বস্ত্র খাত। প্রায় ১৮৭ কোটি টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ব্যাংক এবং প্রায় ১১৯ কোটি টাকার লেনদেন নিয়ে ওষুধ ও রসায়ন খাত ছিল তৃতীয় অবস্থানে। এদিন ডিএসইতে এক হাজার ৭৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়, যা আগের দিনের তুলনায় ১৫৫ কোটি টাকা বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়