spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রংপুরে জুলাই যোদ্ধার কোচিংয়ের বাসে আগুন

জেড নিউজ ডেস্ক:

রংপুর মহানগরীর পর্যটন মোটেলের সামনে জুলাই যোদ্ধা নাহিদ ইকবাল মাসুমের মালিকানাধীন লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে সিদ্দিকিয়া বিশ্ব মুসলিম উম্মাহ মিশনের সামনে পার্ক করে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

কোচিং সেন্টারটির পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি খবর পান, পর্যটন মোটেলের বিপরীতে সিদ্দিকিয়া বিশ্ব মুসলিম উম্মাহ মিশনের সামনে পার্কিংয়ে রাখা শিক্ষার্থী পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরও জানান, দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের প্রতিদিন এই বাসে আনা-নেওয়া করা হতো। বাসটি পুড়ে যাওয়ায় কোচিং সেন্টারের কার্যক্রম বাধাগ্রস্ত হবে। প্রতিদিন শিক্ষার্থীদের পরিবহনের পর রাতে ওই স্থানে বাসটি পার্ক করে রাখা হতো। পার্কিংয়ের পর নিরাপত্তার জন্য বাসের ব্যাটারি খুলে কোচিং সেন্টারের কার্যালয়ে রাখা হতো।

নাহিদ ইকবাল মাসুম বলেন, জুলাই আন্দোলনের পুরো দেড় মাস তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তার কোনো শত্রু নেই। সব দল ও মতের অভিভাবকদের সন্তানেরা তার কোচিং সেন্টারে পড়াশোনা করে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি বাসটির ক্ষতিপূরণও দাবি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিদ্দিকিয়া বিশ্ব মুসলিম উম্মাহ মিশনের শিক্ষার্থী মোহাম্মদ ওয়ালীউল্লাহ জানান, রাত সাড়ে ৩টার পর বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। বাইরে এসে মাদ্রাসার সামনে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে মাদ্রাসার প্রধান শিক্ষককে বিষয়টি জানান। আশপাশের লোকজনও ছুটে আসেন। টাটা কোম্পানির এক নিরাপত্তাকর্মী ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।

মাদ্রাসার প্রধান শিক্ষক এনামুল কবির জানান, শিক্ষার্থী অলিউল্লাহ তাকে ঘুম থেকে ডেকে বাসে আগুন লাগার খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়। বেশ কিছুদিন ধরে কোচিং সেন্টার কর্তৃপক্ষ ওই স্থানে বাসটি পার্ক করে রাখছিলেন।

রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল মাহমুদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ পুড়ে গিয়েছিল। পরে পুলিশের সহযোগিতায় আগুনের বাকি অংশ নেভানো হয়। আগুন লাগার কারণ ও কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়