spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

জেড নিউজ স্পোর্টস:

তিনি ছিলেন ম্যাচের নায়ক। একের পর এক সেভ দিয়ে বাংলাদেশকে রেখেছিলেন ম্যাচে। সেই মেহেদী হাসান শ্রাবণই শেষমেশ বনে গেলেন খলনায়ক। গতকাল সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের পর থেকে তিনি কম সমালোচনার মুখে পড়েননি।

এবার তিনি নিরবতা ভাঙলেন। এক ফেসবুক পোস্টে সব দায় নিজের কাঁধে তুলে নিলেন। এরপর শ্রাবণ ক্ষমা চাইলেন জাতির কাছে।

৮৫ মিনিট পর্যন্ত অন্তত ৩টি সেভ দিয়েছিলেন। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এই সেভগুলোই বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিল। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য হয়তো অতিরিক্ত সময়েই ঠিক হবে।

কিন্তু তখনই এক মুহূর্তের ভুলে সব বদলে যায়। তার একটি লং থ্রো গিয়ে পড়ে প্রতিপক্ষের পায়ে। সেই সুযোগে আবদুল সামাদ গোল করেন। এতে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যায়। ফাইনালে ওঠে পাকিস্তান।

ম্যাচের পর হামজা চৌধুরী এককভাবে কাউকে দোষ দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমরা কাউকে দোষ দিতে পারব না। মনে হয়, ওরা (পাকিস্তান) বিরতির সময় খেলার পরিকল্পনা বদলেছে। তারপরও ওরা শুধু একটি সুযোগ তৈরি করেছে, আমরা দুটি দারুণ সুযোগ… এটাই তো ফুটবল, তাই না? এক সুযোগ পেয়েই ওরা গোল দিয়েছে।’

এরপর শমিত সোমও কথা বলেছেন একই সুরে। তার ভাষ্য, ‘কারো একার দোষ দিতে পারি না আমরা। একজন যদি ভুল করে, আরেকজন তা পুষিয়ে দেবে, এই তো নিয়ম!’

তবে দুই তারকার এমন কথাও শ্রাবণের দিকে ধেয়ে যাওয়া সমালোচনার তির কমাতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন এই গোলরক্ষক।

এরপর এবার নিজেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শ্রাবণ। নিজের ভেরিফাইন ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি।’

তিনি আরও লেখেন, ‘একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়