জেড নিউজ ডেস্ক:
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রংপুর নগরের কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটকদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা করা হয়নি বলে জানান তিনি।
নিহত আগামী চক্রবর্তী রংপুর কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করেছিলেন। আর ছেলে আয়ুশ চক্রবর্তী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণপতি চক্রবর্তীর পরিবারের চার সদস্য ভবনটির দ্বিতীয় তলায় থাকতেন। ভবনের প্রথম ও তৃতীয় তলার নির্মাণকাজ তখনো চলছিল। পুলিশ ওই ভবনে ঢুকে প্রথমে একটি শোবার ঘরের খাটের ফাঁকে আয়ুশের মরদেহ দেখতে পায়। তার গলায় কাপড় প্যাঁচানো ছিল।
এরপর তৃতীয় তলায় ওঠার সিঁড়িতে পাওয়া যায় প্রীতিলতা ও তার মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ। তাদের দুজনের গলায় দড়ি প্যাঁচানো ছিল। আর তৃতীয় তলার ছাদে পাওয়া যায় গণপতি চক্রবর্তীর মরদেহ। তার গলায় গামছা প্যাঁচানো ছিল। চারজনেরই মুখ কিছুটা ঝলসানো অবস্থায় ছিল বলে জানিয়েছে সিআইডি। তাদের মুখে রাসায়নিকজাতীয় কোনো পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা তদন্তকারীদের। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ।
রংপুর সিআইডির সহকারী পুলিশ সুপার সুমিত চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে হত্যাকারীরা ঘরের ভেতরে দীর্ঘ সময় অবস্থান করে চারজনকে হত্যা করেছে। আবার ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় ঢুকে চারজনকে হত্যা করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। কেন ও কী কারণে তাদের হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত দল কাজ করছে।
নিহত প্রীতিলতার ছোট বোন পূজা চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত ১১টা ২৬ মিনিটে তিনি বড় বোন প্রীতিলতা ও ভাগনি আগামীর সঙ্গে কথা বলেন। প্রায় ৯ মিনিট ৪৬ সেকেন্ড তাদের কথা হয়। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। রাত ২টা ৪০ মিনিটের দিকে প্রীতিলতার মুঠোফোন থেকে তার কাছে একটি কল আসে। কিন্তু ঘুমিয়ে থাকায় তিনি সেই কল ধরতে পারেননি। এরপর শুক্রবার আর বোনের সঙ্গে তার কোনো কথা হয়নি।
শুক্রবার বিকেল থেকে বোন, ভগ্নিপতি ও ভাগনির মুঠোফোনে কল করে সব কটি বন্ধ পান পূজা। এতে তার সন্দেহ হয়। রাত পৌনে ৯টার দিকে নগরের ফায়ার সার্ভিস এলাকার বাসা থেকে তিনি বোনের বাড়িতে যান। বাড়িতে গিয়ে মূল গেটে তালা দেখতে পান তিনি। কলিং বেল চাপলেও ভেতর থেকে কেউ সাড়া দেননি। পরে পাশের ভবনের দিক দিয়ে গিয়ে জানালার কাছে পৌঁছান পূজা। ভেতর থেকে আটকানো থাই গ্লাসের লক ভেঙে জানালা দিয়ে আলো ফেলেন। তখন একটি ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান। এতে তার সন্দেহ আরও বাড়ে। পরে পুলিশকে খবর দেন তিনি।
পুলিশ গিয়ে পাশের ভবন দিয়ে ওই ভবনে ঢোকে। পুলিশ ঘরের আলমারি ও ড্রয়ার খোলা এবং কাপড়চোপড় ও অন্যান্য জিনিসপত্র মেঝে ও বিছানায় ছড়ানো দেখতে পায়। একটি ঘরের খাটের ফাঁকে প্রথমে আয়ুশের মরদেহ পাওয়া যায়। পরে সিঁড়িতে মা-মেয়ের এবং তৃতীয় তলার ছাদে গণপতির মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, ভবনের তিনটি কক্ষের আলমারি ও ড্রয়ার খোলা ছিল। ঘরের কাপড়চোপড়, খেলনা ও অন্যান্য জিনিসপত্র খাট ও মেঝেতে ছড়ানো ছিল। তবে কোনো আলমারি বা ড্রয়ার ভাঙা হয়নি। চাবি দিয়ে সেগুলো খোলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘরের ভেতরে বেশ কিছু চাবির গোছাও পাওয়া গেছে। ঘরে থাকা টেলিভিশন, ল্যাপটপ ও মুঠোফোন দুর্বৃত্তরা নেয়নি। আলমারি ও ড্রয়ারে টাকা বা গয়না ছিল কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।





