জেড নিউজ ঢাকা:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় গতকাল থেকে আইন প্রয়োগ শুরু করেছে সিটি করপোরেশন। কোথাও লার্ভা পাওয়া গেলেই নেয়া হবে ব্যবস্থা।
বৃহস্পতিবার নগর ভবনে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, বার বার অনুরোধের পরও নগরবাসীর সচেতনতা বাড়ছে না। বিভিন্ন বাসাবাড়িতে এখনও লার্ভা মিলছে। জনসচেতনতা ছাড়া বাসযোগ্য নগর গড়া সম্ভব নয়।
ফুটপাতের ফুডকোর্টেও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা না হলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন তিনি।
আব্দুস সালাম বলেন, কলেরার ঝুঁকি বিবেচনায় নিয়ে ঢাকার লালবাগ, গেন্ডারিয়া, কেরানীগঞ্জ ও কদমতলীর এক বছরের বেশি বয়সীদের কলেরার ওরাল টিকার আওতায় আনা হবে। টিকাদানের পাশাপাশি নিরাপদ পানিসহ স্বাস্থ্য সুরক্ষা মেনে চললে কলেরা প্রতিরোধ সম্ভব।





