জেড নিউজ স্পোর্টস:
আগের দিন বিমানযাত্রার ধকল সামলে গতকাল বুধবার আর নেটে অনুশীলন করেননি কেউ। জিম সেশনেই সময় কাটিয়েছেন মুশফিক-লিটনসহ অনেকে। সেখানে ডারউইন টেস্ট জয় করে আসা সবার মধ্যেই একটা ফুরফুরে ভাব। দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে নিজেদের সতেজ রাখার চেষ্টা সবার মধ্যে। সিরিজ জয়ের জন্য যেন মুখিয়ে আছেন তারা। আর এ তালিকায় নতুন সংযোজন পেসার শরিফুল ইসলাম। প্রথম টেস্টের স্কোয়াডে না থাকলেও ইনজুরি কাটিয়ে ম্যাকাইয়ে টেস্ট খেলার জন্য প্রস্তুত তিনি। ‘প্রথম টেস্টে হয়তো খেলতে পারিনি। তবে টেস্ট জয়ের পর যে দলের ছবি, সেখানে কিন্তু আমি ছিলাম।’
গতকাল বুধবার স্বদেশি সাংবাদিকদের সামনে এভাবেই নিজেকে মেলে ধরেন শরিফুল। জানান প্রথম টেস্টে ছিলেন না বলে আফসোস নেই তাঁর। ‘দুর্ভাগ্য বলব না। যেটা হয়, সেটা তো বলে-কয়ে হয় না। চোটের পর কিছুদিন বিশ্রাম পেয়েছি, পুনর্বাসন করেছি। শরীরের জন্য ভালো হয়েছে। আমি বলব না যে আনলাকি। যারা খেলছে, তাদের জন্য আমি সব সময় দোয়া করেছি। যেন তারা সেরাটা দিতে পারে এবং আমরা জিততে পারি। ম্যাচ যখন জিতেছি, বাংলাদেশের সবার চেয়েও আমি বেশি খুশি হয়েছি।’
সিরিজের প্রথম টেস্ট খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টের একাদশে কি দেখা যাবে তাঁকে? নিশ্চিতভাবেই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যে কেউই বলবেন– শনিবার ম্যাচের দিন সকালে মাঠে গিয়ে পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তা ছাড়া উইনিং কম্বিনেশন ভাঙা যাবে না– এমন একটা রীতিও আছে বাংলাদেশ দলের মধ্যে। সেখানে ডারউইনে টেস্টে তিন পেসার আর দুই স্পিনার খেলিয়েছিলেন শান্ত। ম্যাকাইতেও কি সেই তিন পেসার আর দুই স্পিনারই থাকবেন? নাকি দলে একজন বাঁ হাতি পেসারের প্রয়োজন অনুভব করে শরিফুলকে নেওয়া হবে।
যদি সেই যুক্তিতে শরিফুল একাদশে সুযোগ পান তাহলে বাদই বা পড়বেন কে? চার পেসার আর এক স্পিনার নিয়ে নামলে নিশ্চিতভাবেই মিরাজ সুযোগ পাবেন। সে ক্ষেত্রে কি সিরিজ নির্ধারণী ম্যাচে তাইজুলের বদলে দেখা যাবে শরিফুলকে? আপাতত এই প্রশ্নের উত্তর নেই, তবে কৌতূহল থাকবে দ্বিতীয় টেস্ট শুরুর আগ পর্যন্ত।
এদিকে আজ বাংলাদেশ দলের অনুশীলনে ব্যাটিং অনুশীলনে নামেননি তানজিদ হাসান। তবে মূল স্টেডিয়ামে দলের সঙ্গে ওয়ার্মআপ ও ফিল্ডিং অনুশীলন করেছেন। অনুশীলনে সাদমান ইসলামের সঙ্গে ব্যাটিং শুরু করেন সৌম্য সরকার। এছাড়া অনুশীলনে আজ দীর্ঘ সময় বোলিং করেছেন পেসার শরীফুল ইসলাম। তাকে আলাদা করে পরামর্শ দিতে দেখা গেছে কোচ ফিল সিমন্সকে।





