জেড নিউজ স্পোর্টস:
২০২৬-২৭ মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতি জয় দিয়ে শেষ করেছে বার্সেলোনা। বুধবার (১৯ আগস্ট) নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জুয়ান গাম্প্যার ট্রফিতে সৌদি ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
শুরু থেকেই ম্যাচে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ২৯ মিনিটে তরুণ ফরোয়ার্ড হামজা আব্দেলকারিমের গোলে এগিয়ে যায় কাতালানরা। বাঁ প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন মিশরীয় এই স্ট্রাইকার।
গত জানুয়ারিতে আল আহলি থেকে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন হামজা। কাতালানদের যুব দলের হয়ে ১১ ম্যাচে ৬ গোল করে নিজের প্রতিভার জানান দেন ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ড। পরে চুক্তির শর্ত অনুযায়ী তাকে স্থায়ীভাবে দলে ভেড়ায় বার্সেলোনা।
সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেও অবশ্য কোনো উচ্ছ্বাস দেখাননি হামজা। বরং দুই হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে উদযাপন করেন তিনি। প্রথমার্ধের শেষদিকে রাফিনিয়া বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
বিরতির পর আক্রমণাত্মক হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আল আহলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পালটা আক্রমণ থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান কমান মিশরীয় উইঙ্গার জিজো।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক একসঙ্গে পুরো একাদশ বদলে ফেলায় দলের গতি কিছুটা কমে যায়। ম্যাচের শেষ দিকে দলের নতুন তারকা অ্যান্থনি গর্ডন বক্সে ফাউলের শিকার হলে ফের পেনাল্টি পায় বার্সেলোনা। তবে দুর্বল শটে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি নিউক্যাসল ইউনাইটেড থেকে আসা এই ইংলিশ উইঙ্গার। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ফ্লিকের দল।





