জেড নিউজ, ঢাকা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরে পিতা ও মাতার কবর জিয়ারত করেছেন।
আজ শনিবার বেলা ১২টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে উপস্থিত হয়ে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও মাতার কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে গিয়ে পিতা ও মাতার কবর জিয়ারত করেন।▫️



