জেড নিউজ, ঢাকা:
বৃষ্টির মাত্রা কমে আসায় গতকাল মঙ্গলবার তাপমাত্রা সারা দেশে কিছুটা বৃদ্ধি পায়। এদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৫২ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল সিলেটে ২৪ দশমিক ২।
আজ বুধবার দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে দেশের ৮টি বিভাগের কোনো কোনো অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।



