spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলের মূল্য প্রায় ১২৫ কোটি টাকা

জেড নিউজ স্পোর্টস:

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচের স্মারক এবার উঠছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ দুটি ঐতিহাসিক গোলের সাক্ষী সেই বলের সম্ভাব্য দাম উঠতে পারে প্রায় ১২৫ কোটি টাকা।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই ম্যাচেই ম্যারাডোনা প্রথমে হাত দিয়ে বিতর্কিত গোল করেন, যা পরবর্তীতে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। মাত্র কয়েক মিনিট পর মাঝমাঠ থেকে অসাধারণ একক নৈপুণ্যে ইংল্যান্ডের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে করা তার দ্বিতীয় গোলটি নির্বাচিত হয় ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে। দুই গোলেই ব্যবহৃত হয়েছিল একই বল।

চার দশকের কাছাকাছি সময় পেরিয়ে গেলেও ঐতিহাসিক সেই বলটি এখনো সংরক্ষিত রয়েছে। যদিও সময়ের সঙ্গে বলটির চামড়া জীর্ণ হয়ে গেছে এবং ভেতরের বাতাসও অনেকটাই বেরিয়ে গেছে। মাঠে ব্যবহারের উপযোগী না হলেও ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক হিসেবে এর গুরুত্ব এখন আকাশচুম্বী।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আগামী ২১ আগস্ট বলটির নিলাম শুরু করবে। ২৩ আগস্ট বিজয়ী ক্রেতার নাম ঘোষণা করা হবে। নিলাম প্রতিষ্ঠানটির আশা, বলটির দাম অন্তত ১ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৫ কোটি টাকা। তবে নিলামের প্রাথমিক ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার।

হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার মনে করেন, এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বলগুলোর একটি। ঐতিহাসিক ম্যাচ, ম্যারাডোনার কিংবদন্তি এবং দুটি অবিস্মরণীয় গোল সব মিলিয়ে বলটির প্রতি সংগ্রাহকদের আগ্রহ ব্যাপক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ম্যারাডোনার স্মারকের নিলামমূল্য এর আগেও বড় অঙ্কে পৌঁছেছে। ২০২২ সালে ওই ম্যাচে তার পরা আর্জেন্টিনার নীল-সাদা জার্সি ৯৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজ ৩৬ বছর জার্সিটি নিজের কাছে রাখার পর সেটি নিলামে তোলা হয়।

ঐতিহাসিক বলটির মালিকানার ইতিহাসও বেশ দীর্ঘ। ম্যাচটির রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের বলটি বহু বছর নিজের কাছে সংরক্ষণ করেছিলেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপ চলাকালে প্রথমবার নিলামে তোলা হলে একজন অজ্ঞাতপরিচয় ক্রেতা ২৩ লাখ ৭০ হাজার ডলারে এটি কিনে নেন। সে সময় এটিই ছিল সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফুটবল।

পরবর্তী সময়ে অবশ্য সেই রেকর্ড ভেঙে যায়। ২০২৪ সালে জাপানি বেসবল তারকা শোহেই ওহতানির ব্যবহৃত একটি বেসবল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়।

তবে এবার ম্যারাডোনার ঐতিহাসিক বলের সম্ভাব্য মূল্য আগের সব ফুটবল স্মারকের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ও স্মরণীয় দুই গোলের সঙ্গে সরাসরি জড়িয়ে থাকা এই বল শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয়, সেটিই এখন দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়