spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ হতে চান শাকিব

জেড নিউজ ডেস্ক :

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন ঢালিউড তারকা শাকিব খান। ২০১৩ সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটিতে তাঁর অভিনয় নিয়ে সেই সময় বেশ আলোচনা হয়েছিল।

তবে ব্যস্ততার কারণে চরিত্রটিতে নিজের সর্বোচ্চটা দিতে পারেননি বলে মনে করেন শাকিব। তাই সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেতা।

সম্প্রতি চ্যানেল আইয়ের এক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক আবদুর রহমানের মুখোমুখি হয়ে নিজের এই ইচ্ছার কথা জানান শাকিব খান।

সাক্ষাৎকারে শাকিব বলেন, ‘দেবদাস’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া যেকোনো অভিনেতার জন্যই ভাগ্যের ব্যাপার।

ওই সময় আমি অনেক ব্যস্ত ছিলাম। এক সঙ্গে অনেক সিনেমা করতাম। এখন এসে মনে হয়, সুযোগ পেলে আবার  ‘দেবদাস’ করতে চাই। এই চরিত্রটি এত সুন্দর যে কোনো শিল্পীরই মন ভরে না।

নিজের আগের কাজ নিয়ে আত্মসমালোচনাও করেছেন শাকিব। তিনি জানান, বর্তমানে যেভাবে সময় নিয়ে প্রতিটি সিনেমায় কাজ করেন, ‘দেবদাস’ করার সময়ও যদি তেমন সময় দিতে পারতেন, তাহলে চরিত্রটি আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন।

বাংলা ও হিন্দি সিনেমায় ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদ ও শাহরুখ খানের সঙ্গে নিজের অভিনয়ের তুলনা নিয়েও অকপট ছিলেন শাকিব। জনপ্রিয় দুই অভিনেতার অভিনীত দেবদাসের পাশে নিজের চরিত্রায়নকে তুলনামূলকভাবে পিছিয়েই রাখেন তিনি।

তবে পর্দায় বিরহী ‘দেবদাস’ হলেও বাস্তব জীবনে তিনি তেমন নন—এমন প্রশ্নের মুখে হাসতে হাসতে শাকিব বলেন, ‘না না, আমি ব্যক্তিজীবনে খুব সুন্দরভাবে বাঁচতে ভালোবাসি।হাসি-আনন্দে দিন কাটাতে চাই।’

চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’-এ শাকিব খানের বিপরীতে পার্বতী চরিত্রে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। আর চন্দ্রমুখীর ভূমিকায় দেখা গিয়েছিল মৌসুমীকে।

এদিকে ভবিষ্যতে আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয়ের সুযোগ এলে সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে কাকে দেখতে চান—এমন প্রশ্নও করা হয় শাকিবকে। তবে এ বিষয়ে কোনো নাম উল্লেখ না করে নায়ক বলেন, ‘সেসব উত্তর সময়ই বলে দেবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়