২৫/০৪/২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ১৩ এজেন্সির নিবন্ধন বাতিল, এয়ার টিকিট সিন্ডিকেটের লাগাম টানছে সরকার

    দীর্ঘদিন নানা উদ্যোগ নিয়েও এয়ার টিকিটের সঙ্গে জড়িত মাফিয়াদের লাগাম টানা যাচ্ছিল না। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে টিকিটের দাম বাড়িয়ে যাত্রীদের পকেট কাটছিলো একটি সিন্ডিকেট। টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় ভোগান্তিতে মধ্যপ্রাচ্যগামী শ্রমিকসহ অন্য যাত্রীরা।

    ওই সিন্ডিকেট আকাশ পথে অধিক চাহিদাসম্পন্ন রুটের টিকিট গ্রুপ বুকিংয়ের নামে অনির্দিষ্টকালের জন্য ব্লক করত। এরপর হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজ্ঞাপন দিয়ে নিজেরা অথবা সাব-এজেন্টের মাধ্যমে উচ্চমূল্যে বিক্রি করে। এয়ারলাইন্স ও জিএসএর সঙ্গে সিন্ডিকেট করে টিকিটের মূল্য বৃদ্ধি করতো তারা। এই চক্রের সঙ্গে জড়িত থাকায় ১৩টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করেছে মন্ত্রণালয়।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাতিল আদেশে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় কমিটি গত ২৫শে মার্চ ওই বিষয়ে প্রতিবেদন দাখিল করে। এতে অভিযুক্ত ট্রাভেল এজেন্সিগুলো অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে মজুতদারি, কালোবাজারি ও প্রতারণামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার প্রমাণ পায়।

    গত ২৬শে আগস্ট আইন ও বিধিমালা লঙ্ঘনের দায়ে তাদেরকে শুনানিতে উপস্থিত হতে জানায়। কিন্তু অভিযুক্ত এজেন্সি মালিক শুনানিতে উপস্থিত হননি। যা বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর বিধি ১০ এর সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে এজেন্সিগুলোর নিবন্ধন সনদ বাতিল করা হয়।

    এছাড়া মন্ত্রণালয় বিদেশি এয়ারলাইন্সের জিএসএ ও কয়েকটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুনির্দিষ্টভাবে তথ্য-প্রমাণ পেয়েছে। তাদের কারণ দর্শানোর নোটিশ ও শোকজ করা হয়েছে। এ নিয়ে নতুন করে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়। এসব পদক্ষেপের পর হয়ত সুফল মিলবে, এমনটাই প্রত্যাশা সবার।

    জেড নিউজ, ঢাকা।

    জনপ্রিয়