জেড নিউজ, ঢাকা :
জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেবে সরকার। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেকে পাবেন এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।
এ লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নীতিমালা অনুযায়ী, প্রতিবছর ৫ অক্টোবর উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে একযোগে দিবসটি উদযাপন করা হবে। দিবসটির কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্বে থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সম্মাননার ১০০ জনের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০, কলেজে ২৫, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ এবং বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠানে ২০ জন শিক্ষক থাকবেন।
প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষা থেকে পাঁচজন ও মাদ্রাসা শিক্ষা থেকে পাঁচজন থাকবেন। মাধ্যমিক ও কলেজ পর্যায়েও সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার শিক্ষকদের জন্য নির্দিষ্ট সংখ্যা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষকরাও সম্মাননা পাবেন।
নীতিমালায় বলা হয়েছে, সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রতিষ্ঠান প্রতিটি ক্যাটাগরিতে তিনজনের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠাবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের প্যানেল তৈরি করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিশেষ প্রয়োজনে সম্মাননার স্তর ও সংখ্যা পরিবর্তনের এখতিয়ার থাকবে জাতীয় স্টিয়ারিং কমিটির।




