জেড নিউজ , ঢাকা :
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর মালিবাগে কোম্পানির সম্মেলন কক্ষে এজিএম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলাম।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। একই সঙ্গে ২০২৫ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
এছাড়া ২০২৬ সালের জন্য কোম্পানির আইনগত নিরীক্ষক ও পরিপালন নিরীক্ষক নিয়োগের বিষয়েও অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা।
সভায় কোম্পানির স্বতন্ত্র পরিচালক জাফর ইকবাল এনডিসি, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা ও মোস্তফা কামরুস সোবহান, রুপালী ইন্স্যুরেন্স কোং লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মো. ড্যানিয়েল ও ওমর খৈয়াম উপস্থিত ছিলেন।
এছাড়া ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এইচআইসি মো. আলী রেজা, প্রধান পরিচালন কর্মকর্তা মো. মন্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব, এফসিএস ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





