spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

জেড নিউজ, ঢাকা:

একের পর এক আইনি জটিলতায় টিকটক। যুক্তরাষ্ট্রে ২০২৪ সাল থেকেই চাপের মুখে রয়েছে টিকটক। এবার শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দিতে হচ্ছে। শিশুদের অনলাইন গোপনীয়তা নিয়ে করা টিকটকের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নিষ্পত্তিগুলোর একটি। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে- ২০২৪ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন বিচার বিভাগ মামলাটি করে।
এতে অভিযোগ করা হয়, টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ১৩ বছরের কম বয়সী লাখ লাখ ব্যবহারকারীর কাছ থেকে ‘বিপুল পরিমাণ তথ্য’ সংগ্রহ করেছে। ২০০০ সালে প্রণীত ফেডারেল আইন চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (কপ্পা) অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড বেআইনি। একই আইনের আওতায় বর্তমানে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন অঙ্গরাজ্য মেটা’র বিরুদ্ধেও মামলা করেছে। সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেন, এই মামলা যখন শুরু হয়েছিল, তার তুলনায় বর্তমানে শিশু ও অভিভাবকরা আরও ভালোভাবে সুরক্ষিত। কপ্পা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র সরকারকে জরিমানা দেয়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গুগলের ইউটিউব। ২০১৯ সালে ইউটিউব ১৭ কোটি ডলার জরিমানা দিয়েছিল। আর এপিক গেমস ২০২২ সালে দিয়েছিল ২৭ কোটি ৫০ লাখ ডলার।

এদিকে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কপ্পা লঙ্ঘনের যে অভিযোগ মেটার বিরুদ্ধে এনেছেন, সেখান থেকে মেটার ওপর আরোপিত জরিমানার পরিমাণ কয়েকশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। চলতি সপ্তাহে ওই মামলার জুরি বিচার শুরু হয়েছে। সেখানে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মালিক মেটার বিরুদ্ধে শিশু ব্যবহারকারীদের লক্ষ্য করে তাদের কাছ থেকে মুনাফা করার অভিযোগ আনা হয়েছে। টিকটকের বিরুদ্ধে করা মামলাটি গত বছর চীনের মূল প্রতিষ্ঠান থেকে টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসা ও কার্যক্রম আলাদা করার আগের। তবে বর্তমান নিষ্পত্তিটি শুধু চীনে টিকটকের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের সর্বশেষ মূল্যায়ন বিনিয়োগকারীদের কাছে ৫৫০ বিলিয়ন ডলার বলে জানা গেছে।

চুক্তির শর্ত অনুযায়ী, টিকটক ও বাইটড্যান্স অবিলম্বে মার্কিন বিচার বিভাগকে ৩০ কোটি ডলার দেবে। ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে ২০১৯ সালের একটি সমঝোতা আদেশ প্রত্যাহার করা হলে আরও ১০ কোটি ডলার দিতে হবে। চুক্তির অংশ হিসেবে বাইটড্যান্সের পূর্বসূরি প্রতিষ্ঠান মিউজিক্যালি’কে কপ্পা লঙ্ঘনের জন্য ৫৭ লাখ ডলার জরিমানা দিতে হয়েছিল। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সী কোনো ব্যবহারকারীকে অ্যাপ ব্যবহারের সুযোগ দেয়ার আগে অভিভাবকের সম্মতি নেয়ার বাধ্যবাধকতাও দেয়া হয়েছিল।

শুক্রবার মার্কিন বিচার বিভাগ জরিমানার বাইরে টিকটকের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, তা বিস্তারিত জানায়নি। তবে উল্লেখ করেছে, মামলা দায়েরের পর থেকে টিকটকে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ এসেছে। এর মধ্যে রয়েছে মালিকানা, গোপনীয়তা রক্ষার নীতি এবং তরুণ ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণব্যবস্থায় পরিবর্তন। মামলা দায়েরের সময় মার্কিন আইনজীবীরা বলেছিলেন, টিকটক ব্যবহারকারী কিশোর-কিশোরীর সংখ্যা ১৭ কোটিরও বেশি এবং অ্যাপটি ‘শিশুদের লক্ষ্য করে পরিচালিত’। কিন্তু প্ল্যাটফর্মটি কার্যকরভাবে ব্যবহারকারীদের বয়স যাচাই করত না এবং অপ্রাপ্তবয়স্কদের ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিও নিত না বলে অভিযোগ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়