জেড নিউজ স্পোর্টস:
দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তার বিদায়ের পর ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে—বাঁ-পায়ের জাদুকরকে ছাড়া কেমন হতে চলেছে বিশ্বজয়ী আর্জেন্টিনার চেহারা?
উত্তরটা পাওয়া যাবে কিছুটা অতীতে তাকালেই।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই কিন্তু অন্তরালে মেসি-পরবর্তী যুগের সলতে পাকানো শুরু করেছিলেন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। চোটাঘাতের কারণে সাম্প্রতিক সময়ে মেসি যখনই মাঠের বাইরে থেকেছেন, তখনই মাঠের খেলায় বিকল্প ছক কষে সাফল্য তুলে নিয়েছে আর্জেন্টিনা।
তার বড় প্রমাণ মিলেছে ২০২৪ সালের কোপা আমেরিকায়। পুরো টুর্নামেন্টেই চোটের সঙ্গে লড়েছেন মেসি, যার ফলে নিজের চেনা ছন্দে দেখা মেলেনি তাকে।
ফাইনালের মহারণে তো ৬০ মিনিটেই খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় অধিনায়ককে। তবুও লাউতারো মার্তিনেজের লক্ষ্যভেদে শিরোপা উল্লাসে মেতেছিল আকাশি-সাদারা। এর আগেও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪ গোলের লজ্জায় ডোবানোর ক্ষণেও ছিলেন না মেসি। অর্থাৎ, ‘মেসি-নির্ভরতা’ কাটিয়ে ওঠার মহামন্ত্র স্কালোনি অনেক আগেই শিষ্যদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়েছেন।
তবে পরিবর্তন শুধু অধিনায়ক পদেই সীমাবদ্ধ থাকছে না। বিশ্বকাপের পরই বুট জোড়া খুলে রাখার সিদ্ধান্ত ঝুলিয়ে দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা কাটেনি পুরোপুরি, যদিও চেলসিতে যোগ দেওয়ার পর নতুন উদ্যমে নিজের পুরনো ফর্ম খুঁজে পাচ্ছেন তিনি। অন্যদিকে, গেল বিশ্বকাপে পারফরম্যান্সের গ্রাফ তলানিতে থাকা রদ্রিগো দে পল ও লিয়ান্দ্রো পারেদেসের মতো অভিজ্ঞ সেনাদের নিয়েও এখন নতুন করে হিসাব-নিকাশ করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
তবে হতাশার কোনো কারণ নেই।
স্কালোনির ডেরায় এখনও তৈরি রয়েছে একাধিক পোড় খাওয়া সেনাপতি। ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফের্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজদের মতো তারকা ফুটবলাররা যেকোনো দলের ভাগ্য বদলে দিতে সক্ষম।
এর পাশাপাশি তরুণ রক্তে স্কোয়াড চাঙ্গা করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। নিকো পাস, হুলিয়ানো সিমিওনে, কোলো বারকো, লেও বালের্দি, মাক্সিমো পেরোনে, আগুস্তিন গিয়াই, সান্তিয়াগো বেল্ত্রান, তোমাস আরান্দা, হোয়াকিন ফ্রেইতাস, মাতিয়াস সোউলে, ভালেন্তিন কারবোনি, আলেহান্দ্রো গার্নাচো ও ফ্রাংকো মাস্তান্তুয়োনোর মতো উদীয়মান প্রতিভারা এখন আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ কাণ্ডারি। মহাতারকার শূন্যতা পূরণে এই তরুণ তুর্কিরাই যে নতুন ভোরের সূচনা করবেন, তা বলাই বাহুল্য।




