জেড নিউজ ডেস্ক :
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের একটি পুরোনো ছবি কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়। মান্না ভক্তদের অনেকের দাবি, ছবিটা প্রায় দুই দশক আগের। আবার কারও মতে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি।
ছবিটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে শুরু হয় নানা জল্পনা। কেউ বলছেন, ২০০৩-০৪ সালের দিকে চেন্নাইয়ে সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজে গিয়ে বিজয়ের সঙ্গে দেখা হয়েছিল মান্নার। সে সময় মান্নার ‘বাস্তব’, ‘মিনিস্টার’ কিংবা ‘বীর সৈনিক’ সিনেমার কাজ চলছিল চেন্নাইয়ের প্রসাদ ল্যাব বা এভিএম স্টুডিওতে। একই সময়ে বিজয়ের সিনেমার কাজও সেখানে চলছিল বলে ধারণা করা হচ্ছে।
আর এবার এ নিয়েই কথা বলেছেন মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি সংবাদমাধ্যমে বলেন, অনেক আগের ঘটনা, তাই স্পষ্ট মনে নেই। তবে কাজের সূত্রে মান্না প্রায়ই ভারতে যেতেন। দেখা হওয়াটা অসম্ভবও নয়। অন্যদিকে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ভাইরাল ছবিটি বাস্তব নয়, এটি এআই দিয়ে তৈরি।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ছবিটি সত্য হোক বা কৃত্রিমভাবে তৈরি এটি প্রমাণ করে আজও দর্শকের মনে কতটা শক্ত অবস্থান ধরে রেখেছেন মান্না। সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বড় পর্দায়।
অন্যদিকে বিজয়ও তামিল সিনেমায় ‘জনগণের নায়ক’ ইমেজ তৈরি করে রাজনীতিতে পা রেখেছেন। ফলে দুই তারকার এই ভাইরাল ফ্রেম ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
ক্যারিয়ারের দিক থেকেও দুজনের মধ্যে মিল খুঁজে পাচ্ছেন অনেকে। নব্বইয়ের দশকে মান্না যেমন সামাজিক ও প্রতিবাদী গল্পের সিনেমায় জনপ্রিয়তা পান, তেমনি দক্ষিণ ভারতে একই সময়ে ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করেন বিজয়।



