কুষ্টিয়া প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (৭ অক্টোবর)। মৃত্যুর ৬ বছর পেরিয়ে গেলেও ছেলে হত্যায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার ও বিচারের রায় কার্যকর না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন আবরারের মা রোকেয়া খাতুন ও বাবা বরকত উল্লাহ।
আবরারের ছবি, শোকেসে সাজানো ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আকড়ে ধরে কোনরকম বেঁচে আছেন তারা। পলাতক আসামিদের গ্রেপ্তার করে অতি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের পাশে আবরার ফাহাদের বাড়িতে এখনো শোকেসে সাজানো তার মোবাইলফোন, ল্যাপটপসহ ব্যবহৃত জিনিসপত্র। আগের মতই ঘরে রয়েছে বিছানা ও পড়ার টেবিল। শুধু নেই আবরার ফাহাদ।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের শেরেবাংলা হলে অমানবিক নির্যাতন করে হত্যা করে আবরার ফাহাদকে।
এদিকে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার। সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারে আলোচনা সভা, দোয়াসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।



