spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বিয়ে করলেন অর্জুন রামপাল

জেড নিউজ , ডেস্ক :

বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিন প্রেম, সংসার ও দুই সন্তানকে নিয়ে একসঙ্গে পথ চলার পর এবার তাঁদের সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

তবে এই বিয়ে হয়নি তারকাখচিত কোনো জমকালো আয়োজনে। গোয়ায় বেশ সাদামাটা আয়োজনেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিয়ে নিবন্ধন করেছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় আইন অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন এই তারকা দম্পতি।

সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানিয়েছেন, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাঁদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিশেষ দিনটিকেও তাঁরা রেখেছেন একেবারেই অনাড়ম্বর। বিকেল চারটার দিকে সাধারণ পোশাকে কার্যালয়ে হাজির হন দুজন। সঙ্গে ছিলেন তাঁদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।

অর্জুন ও গ্যাব্রিয়েলার প্রেমের সম্পর্কের শুরু ২০১৮ সালে। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই একসঙ্গে সংসার শুরু করেন তাঁরা। ২০১৯ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান এরিক। চার বছর পর, ২০২৩ সালে আসে দ্বিতীয় সন্তান এরিভ।

দীর্ঘদিন একসঙ্গে থাকার পরও বিয়ে নিয়ে তাড়াহুড়া করেননি অর্জুন ও গ্যাব্রিয়েলা।

নিজেদের মতো করেই সম্পর্ককে এগিয়ে নিয়েছেন তাঁরা। পরে ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্‌দানের খবর প্রকাশ্যে আনেন অর্জুন। আর এবার ২০২৬ সালে এসে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

মজার বিষয় হলো, বিয়ের আগে একাধিকবার বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে নিজের মতামত জানিয়েছেন অর্জুন। অভিনেতা রণবীরের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁদের সম্পর্কের জন্য বিয়ের কাগজ খুব একটা গুরুত্বপূর্ণ নয়।

অর্জুনের ভাষায়, ‘বিয়ে আসলে কী? শেষ পর্যন্ত তো একটা কাগজ।’

তাঁর যুক্তি ছিল, বিয়ের পর অনেক সময় মানুষের মনে সম্পর্কটি স্থায়ী হয়ে যাওয়ার একটি ধারণা তৈরি হয়, যা সম্পর্কের স্বাভাবিক গতিকে বদলে দিতে পারে। গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁর সম্পর্কের সৌন্দর্য ছিল সেই স্বাভাবিকতাতেই।

অভিনেতা আরো বলেছিলেন, তাঁদের কাছে তাঁরা এমনিতেই বিবাহিত। দুজনই একে অপরকে ভালো পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। একই সঙ্গে তাঁরা প্রেমিক-প্রেমিকার সম্পর্কটিও উপভোগ করছেন।

তবে বিয়ের বিরোধী নন বলেও জানিয়েছিলেন অর্জুন। শেষ পর্যন্ত সেই ‘কাগজের’ স্বীকৃতিই নিলেন দুজন।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অর্জুনের দাম্পত্য জীবন ছিল মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে। ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তাঁদের দুই মেয়ে মাহিকা ও মাইরা।

প্রায় ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় অর্জুন ও মেহরের। তবে বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ। গ্যাব্রিয়েলার সঙ্গে নতুন জীবন শুরু করার পাশাপাশি আগের সংসারের সন্তানদের প্রতিও বাবার দায়িত্ব পালন করে গেছেন তিনি।

প্রেম থেকে সংসার, তারপর দুই সন্তানের জন্ম—সবকিছুর পরও দীর্ঘ সময় বিয়ের আইনি স্বীকৃতি নেননি অর্জুন ও গ্যাব্রিয়েলা। তাঁদের কাছে সম্পর্কের সংজ্ঞা ছিল সামাজিক বা আইনি স্বীকৃতির চেয়ে অনেক বেশি ব্যক্তিগত। তবে শেষ পর্যন্ত সেই দীর্ঘ সম্পর্ককেই এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে বাঁধলেন এই দুই তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়