বিজেপি সরকার ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের লাঞ্ছিত করছে, তাদের বাংলাদেশি তকমা দিয়ে অপমান করাসহ সুযোগ পেলে বাংলাদেশে পুশইনও করছে। তাছাড়া বাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করেছে। এমনটাই অভিযোগ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জলপাইগুড়িতে এক সভায় এসব কথা বলেন তিনি। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, বাংলা তার নিজের শক্তিতে এগোবে, বাংলার হাল ধরবে বাংলাই।
মমতা বলেন, ভাষার কারণে কাউকে অপরাধী বানাতে দেব না। রাজবংশী ভাষায় কথা বলাও অপরাধ নয়। আমরা মাতৃভাষায় কথা বলব, অন্য ভাষা শিখব। কিন্তু বাংলায় কথা বললেই যদি কাউকে বাংলাদেশি বলা হয়, আমরা তা মেনে নেব না।
তিনি বলেন, ইতোমধ্যেই ২৪ হাজার পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে। বাংলায় দেড় কোটি বাইরের শ্রমিক কাজ করছে। আমরা তাদের কিছু বলি না, তারা সব প্রকল্পের সুবিধা পান। তাহলে আমাদের মানুষ অন্য রাজ্যে গেলে কেন তাড়ানো বা মারধর করা হয়?
মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে বলেন, আমরা দিল্লির দয়া চাই না। ভিক্ষা চাই না। বাংলার উন্নয়ন বাংলার মানুষই করবে। যিনি জাতপাতে ভাগ করেন, তিনি কখনও দেশের নেতা হতে পারেন না।
জেড নিউজ, ঢাকা।



