জেড নিউজ , ঢাকা :
বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৪ জেলেসহ ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে পটুয়াখালীর মহিপুর থেকে ৫০ কিলোমিটার পূর্ব বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সাগরে মাছ শিকার করা অবস্থায় বৈরী আবহাওয়ার কারণে ঢেউয়ের তোড়ে বরগুনার পাথরঘাটার আশরাফ কোম্পানির ট্রলারটি ডুবে যায়।
তবে, প্রচন্ড ঢেউয়ের কারণে পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ডুবে যেতে দেখলেও জেলেদের উদ্ধার করতে পারেনি। নেটওয়ার্কের মধ্যে এসে পাথরঘাটার আরেকটি ট্রলারের জেলেরা ট্রলার মালিক সমিতিকে ডুবে যাওয়ার ঘটনা মুঠোফোনে জানালে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীকে নিখোঁজ ১৪ জেলেকে উদ্ধারে সহায়তা চাওয়া হয়েছে।
তিন দিন আগে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় ‘এফবি বরকত’।





